Tuesday, 25 August 2026

পাঠকের দিনলিপি ৬-ডিসেম্বর-২০০৪

 


৬/১২/২০০৪

ইত্তেফাকের ঈদসংখ্যা শেষ করলাম। ইন্টারনেটে সংখ্যাটি ১৪১ পৃষ্ঠা। সবগুলো পৃষ্ঠা পড়া হয়ে ওঠেনি। প্রবন্ধগুলোতে জাস্ট চোখ বুলিয়েছি। একজনের পক্ষে সবকিছু পড়তে হলে অনেক কাজ বাদ দিতে হবে। ডঃ আশরাফ সিদ্দীকীর ‘‘ছেলেবেলায় দেখা গ্রাম-বাংলাঃ আনন্দ উৎসব’’ ভালো লেগেছে। গ্রামীণ সংস্কৃতির একটা সময়কে তুলে আনা হয়েছে এ প্রবন্ধে।

আল মাহমুদের গল্প ‘ভেতরের মানুষ’। তরুণ সাংবাদিক কথাশিল্পী আমজাদ একদিন হঠাৎ বেরিয়ে পড়ে

তার ইউনিভার্সিটি জীবনের সহপাঠী জাপানির গ্রামের বাড়ীর উদ্দেশ্যে। জাপানির সাথে যোগাযোগ নেই অনেক বছর। আমজাদ জানেও না জাপানি কেমন আছে, কোথায় আছে। জাপানির গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে অনেক কষ্টে নৌকায় চড়ে জাপানিদের গ্রামে পৌছে যায় আমজাদ। জাপানির বিয়ে হয়ে গেছে। তার শ্বশুরবাড়িতে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারে না আমজাদ। জাপানির শ্বশুর বাড়িতে আমজাদের পরিচয় কী? জাপানিকে কোন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে নাতো আবার। রাতটা নৌকায় কাটায় আমজাদ। সকালে ঘুম ভাঙলে দেখে জাপানির স্বামী নিতে এসেছে আমজাদকে। জাপানিও খুব সহজ সাবলিল। গ্রামের মানুষ এখন আর আগের মতো রক্ষণশীল নয় ।

সরদার ফজলুল করিমের ১৯৭৪ সালে লেখা প্রবন্ধ ‘রাষ্ট্র বিষয়ক ভাবনা’ ছাপানো হয়েছে এখানে আবার। প্রবন্ধটা আমার জন্য একটু কঠিন। পুরোটা পড়তে পারিনি।

হরিপদ দত্তর গল্প ‘আমরা তার মৃত্যুর অপেক্ষায় ছিলাম’। হোসেন বিন আবদুললাহ মারা যাচ্ছেন। তার মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র। দেখা যাচ্ছে ছেলে মেয়েরা তার দলিলপত্রের খোঁজ করছে, মেয়ে বলছে তাকে ঠকানো চলবে না, ছোট ছেলে একটা জাল দলিল তৈরি করা হয়েছে বলে ফোঁস ফোঁস করছে।

হাজেরা নজরুলের গল্প ‘তবুও প্রত্যাশা’। ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ যে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিলো সেটা নিয়ে গল্প। অতনুর মা কখনো খেলা দেখেন না, কিন্তু সেদিন বসে খেলা দেখছেন ইত্যাদি। বাংলাদেশের মানুষ বেশ খুশি হয়েছিলো, খুশির আধিক্যে এই বিজয়কে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথেও তুলনা করা হয়েছিলো। কিন্তু সময়ের সাথে সাথে আমরা জেনে গেছি পাকিস্তানীরা প্রচুর টাকা খেয়ে এরকম করে ম্যাচ ছেড়ে দিয়েছিলো। খেলায় এখন কোটি কোটি টাকা জুয়া খেলে মানুষ। আমাদের ক্রিকেটের বর্তমান হাল দেখলেই তো বোঝা যায় আসলে আমাদের ক্ষমতা কতটুকু।

কবীর চৌধুরীর লিখেছেন আমেরিকান সাহিত্যিক জ্যাক লন্ডনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে।

সমসাময়িক পটভূমিতে লেখা মঞ্জু সরকারের গল্প ‘ক্ষমতায়নের খড়গ’। একজন সচিব কী করে ক্ষমতার অপব্যবহার করে অধিনস্ত সুন্দরী কর্মচারীর শরীর ভোগ করার পরিকল্পনা করে, জোট সরকারে তার কেমন ভিত্তি আছে, আগের সরকারের লোকজনকে কীভাবে তিনি টাইট দিয়েছেন ইত্যাদি অনেক কথা খোলামেলা ভাবে এসেছে। গল্পটাকে বাস্তব বলে মনে হয়। তবে শেষাংশটা একটু অতিনাটকীয়।

নির্মলেন্দু গুণের প্রবন্ধ ‘দয়াল-ভয়াল মৃত্যু’। তাঁর কিছু প্রিয় মানুষের মৃত্যু কালীন সময়ের বর্ণনা।

মিনা ফারাহ্‌’র গল্প ‘কেন সে অন্ধ নয়?’। সতের বছর পরে আমেরিকা থেকে গ্রামে ফিরেছে রহমত আলী। কীভাবে বদলে গেছে গ্রাম, গ্রামের মানুষ। কীভাবে সবাই শুধু দাও দাও করে, এর মধ্যেই রহমত খুঁজছে অনেক আগের কাউকে যাকে সে বলে গিয়েছিলো একদিন ফিরে আসবে।

শওকত আলীর গল্প ‘অতিথি, দুদিনের’। সমীর হোসেনের বাড়িতে ইন্ডিয়া থেকে বেড়াতে আসে তার বন্ধুর ছেলে মিঠু। সমীর হোসেনের এই বন্ধুটি ইন্ডিয়াতে চলে গেছে পাকিস্তান আমলে। সমীর হোসেনের স্ত্রী মারা গেছে। মেয়ে রাণী তার দেখাশোনা করে। মিঠু থাকে লন্ডনে। বাংলাদেশে এই প্রথম আসা, এসেছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান গুলো দেখতে। শহীদ মিনার, কার্জন হল এসব। রাণীর সাথে ঢাকায় ঘুরে বেড়ায় মিঠু।

গল্পটা পড়ে মনে পড়লো এরকম একটা গল্পের নাটক হয়েছিলো বাংলাদেশে। সম্ভবত পান্না কায়সার লিখেছিলেন গল্পটা।

মমতাজ উদদীন আহমদের নাটক বা নাট্যোপন্যাস ‘ভালবেসেছে চন্দনা’। গ্রামের ছেলে হাকিম শহরে থাকে একটা মেসে। একদিন বানর তাড়াতে গিয়ে বাড়িওয়ালার মেয়ে চন্দনার কপাল ফাটিয়ে দেয়। হাকিমের জেল হয়, কিন্তু চন্দনা হাকিমকে ভালোবেসে ফেলে। এদিকে হাকিমের গ্রামে হাকিমের জন্য অপেক্ষা করে আছে শিখা। কাহিনী খুব একটা নতুন নয়।

রোকেয়া ইসলামের গল্প ‘পদ্ম জলে আকাশ ভাসে’। বড়লোকের বৌ রেখা আর মধ্যবিত্তের বৌ লিপি পরস্পর বন্ধু। লিপিকে প্রায়ই শপিং এ নিয়ে যায় চন্দনা। রেখার স্বামী আরিফ টাকা উপার্জনের মেশিন। রেখাকে সময় দিতে পারে না। পত্রিকায় একটা খবর বেরোয় বটগাছের সাথে অপর্ণা নামে এক মেয়ের বিয়ে হয়েছে। রেখার মনে হয় তারও একটা বটগাছের সাথে বিয়ে হয়েছে।

======

কলম্বাস, ওহাইও

No comments:

Post a Comment

Latest Post

পাঠকের দিনলিপি ১১-ডিসেম্বর-২০০৪

  ১১/১২/২০০৪ ভোরের কাগজে গণিতবিদ রামানুজন আয়েঙ্গারকে নিয়ে বেশ কিছু রচনা প্রকাশিত হয়েছে। এর কয়েকটা অনুবাদ, আর একটা হলো মোটামুটি জীবনীমূলক। ...

Popular Posts