Thursday, 19 November 2026

ভালোবাসা মন্দবাসার পদার্থবিজ্ঞান

 


“Do you love physics?” 

মাইক্রোফোনে প্রশ্নটা করার সাথে সাথেই সারা ক্লাস হঠাৎ স্তব্ধ হয়ে গেল। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সেমিস্টারের প্রথম ক্লাসে এসে পরস্পরের সাথে পরিচিত হয়ে ওঠার যে ফিসফিসানি এতক্ষণ চলছিল তাও বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে এই ছোট্ট প্রশ্নটা বড় বিপদে ফেলে দিয়েছে সবাইকে। 

আমি ডায়াসে দাঁড়িয়ে তাকিয়ে আছি সামনে বসা শতাধিক নতুন শিক্ষার্থীর দিকে। কিন্তু প্রতিক্রিয়া দেখার উপায় নেই। সবার মুখই মাস্কে ঢাকা। কোভিড-১৯ আমাদের বাধ্য করেছে মুখোশে মুখ ঢাকতে। দীর্ঘ দু’বছর ঘরবন্দী থাকার পর অবশেষে অন-ক্যাম্পাস পড়াশোনা শুরু করা গেছে তাতেই খুশি। শত বিধিনিষেধ থাকলেও তা তেমন গায়ে লাগছে না। তিন শ আসনের লেকচার থিয়েটারে এখন দেড়শ’র বেশি ঢোকানো হচ্ছে না। দরজায় আইডি স্ক্যান করে ঢুকতে হচ্ছে সবার। আবার সিটে বসে কিউ আর কোড স্ক্যান করতে হচ্ছে। ডিজিটাল এসব হাঙ্গামা আমার কাছে অসহ্য মনে হলেও সদ্য আঠারোর ছেলে-মেয়েগুলি উৎসাহ নিয়েই সব করেছে যা যা করার। মুখোশের ভেতর থেকেই হৈচৈও করছিল এতক্ষণ। কিন্তু পদার্থবিজ্ঞানকে ভালোবাসার প্রশ্নে তারা সবাই একযোগে চুপ হয়ে গেলো!

ডিপার্টমেন্টে আমি ফিজিক্সের যে মেজর কোর্সটি পড়াই সেটি মেডিকেল রেডিয়েশান প্রোগ্রামের সবার জন্য বাধ্যতামূলক। বাধ্য না হলে এই দেড়শোর মধ্যে কজন এই কোর্সটি নিতো আমি জানি না। এদেশের ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়েছি, তারপর পড়াচ্ছি – তাও অনেক বছর হয়ে গেল। পদার্থবিজ্ঞানী এদের অনেক আছে, কয়েকজন নোবেল পুরষ্কারও পেয়েছেন, কিন্তু কেন জানি না –এদেশের প্রতিষ্ঠানগুলি শিক্ষার্থীদের মধ্যে পদার্থবিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরিতে ব্যর্থ। এটুকু আমি জানি।

বেশ কয়েক বছর থেকে সেমিস্টারের প্রথম ক্লাসে আমি এই প্রশ্নটি করে আসছি – তোমরা কি পদার্থবিজ্ঞানকে ভালোবাসো? এপর্যন্ত একজনকেও পাইনি যে বলেছে – বাসে। উল্টোভাবেও জিজ্ঞেস করে দেখেছি – Do you hate physics? ঘৃণা করো পদার্থবিজ্ঞান? মন্দবাসো? ক্লাসের অনেকগুলি হাত উর্ধ্বমুখি হয়ে ঘোষণা করেছে – ইয়েস। কারণ? জটিল সাবজেক্টকে ভালোবাসা যায় না। যেন তারা যা কিছু ভালোবাসে – শেক্সপিয়ার, জন লেনন, টেইলর সুইফ্‌ট, কোরিয়ান বিটিএস -  সবকিছুই কত সরল! 

পরপর কয়েক বছর একই ধরনের প্রতিক্রিয়া দেখার পর ঘৃণা কিংবা মন্দবাসার প্রশ্নটি আর তুলি না। কিন্তু ভালোবাসার ব্যাপারে প্রতি বছরেই জিজ্ঞেস করি। নিজের ভালোবাসার সাবজেক্টকে আর কেউই ভালোবাসবে না, শুধু ব্যবহার করবে – তা নিরবে মেনে নিতে কষ্ট হয়। 

এদেশে এত আধুনিক লেকচার থিয়েটার, যন্ত্রপাতি, ল্যাব – সবকিছু থাকার পরেও সারাক্ষণ একটা নেই নেই ভাব কুটকুট করতে থাকে করোটির ভেতর – সেটা আমাদের দেশের উচ্ছ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের যে একটা উচ্ছ্বাস ছিল, ডিপার্টমেন্টের প্রতি, বিষয়ের প্রতি যে ভালোবাসা ছিল – সেটা এখানে নেইই নেই। 

লোকদেখানো শোকপ্রকাশের ক্ষেত্রে আমরা যেরকম এক মিনিট নিরবতা পালন করি, সেরকম মিনিটখানেক চুপচাপ থেকে অন্য প্রসঙ্গে যাবার প্রস্তুতি নিচ্ছি – সেসময় ক্লাসের মাঝখানে একখানি শীর্ণ শ্বেত হস্ত উর্ধ্বমুখি হলো। 

“You love physics!”

“Yes!”

“Whats your name?”

“Marie Curie Anderson”

এত আনন্দ কোথায় রাখি! এই মেয়ে ফিজিক্স শুধু ভালোবাসে তা নয়, তার নামও মেরি কুরি! 

কথা বলার সময় মাস্ক খোলার অনুমতি আছে। মনে হলো তার মুখের আদলও অনেকটা মেরি কুরির মতো। 

লেখাপড়ার সহজ পাঠের সূত্র অনুযায়ী – শিক্ষকই কোন একটা বিষয়কে বিষ বানায়, কিংবা অমৃত। এটা আমার জন্য বিরাট চ্যালেঞ্জ। ভিক্টোরিয়া রাজ্যের হাইস্কুলগুলির পদার্থবিজ্ঞানের শিক্ষকেরা পদার্থবিজ্ঞানকে বছরের পর বছর জটিল থেকে জটিলতর করতে করতে বিষ বানিয়ে ফেলেছে। আমার কাজ হলো সেই বিষকে এক সেমিস্টারের মধ্যে অমৃত না হোক – মোটামুটি নির্বিষ বানানো। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের চক-ডাস্টার ক্লাসগুলি করতে করতে শুধু এটুকুই বুঝতাম যে – কঠিনেরে ভালোবাসিলাম, এ কভু করে না বঞ্চনা। এতগুলি বছর পর আজও একই অনুভূতি। এখানকার ফুল ডিজিটাল আধুনিক ক্লাসরুমে দাঁড়িয়ে ফিজিক্স পড়াতে আরাম আছে, কিন্তু ব্ল্যাকবোর্ডের চক-ডাস্টারের সেই আবেদনটা খুব মিস করি। 

এখানকার এক সেমিস্টারে মাত্র বারো সপ্তাহ ক্লাস হয়। বারো সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের ফিজিক্স-ভীতি দূর করতে হয়। সেমিস্টারের প্রথম চার সপ্তাহের মাথায় যখন প্রথম টেস্ট হয়, তারা আবিষ্কার করে ফিজিক্সের মতো যুক্তিপূর্ণ সাবজেক্ট আর নেই। আমিও শিক্ষার্থীর কৃতিত্বকে নিজের ভেবে কিছুটা আত্মগরিমায় পুষ্ট হই। এবারেও ব্যতিক্রম হলো না। 

অনলাইন আর ফেস টু ফেসের রেজাল্টের তুলনামূলক বিশ্লেষণ করার সময় মেরি কুরির রেজাল্ট দেখে আমি শোকাভিভূত হয়ে গেলাম। মেরি কুরি চল্লিশের মধ্যে চার পেয়েছে। এই সেই মেরি কুরি যে সারা ক্লাসে একমাত্র শিক্ষার্থী যে বলেছিল ফিজিক্স ভালোবাসে। 

ক’দিন পর আমার অফিসে ডেকে মেরি কুরিকে জিজ্ঞেস করলাম, “What happened? You are Marie Curie. You loved physics!”

“Yes. I still do. I thought I understood, but I didn’t.”

“You misunderstood many things.”

“I think misunderstanding is ok in love. I love physics.”

মনে হলো এ যেন আমার কথাই আমাকে বলছে সে। পদার্থবিজ্ঞানের কতকিছুই তখনো বুঝিনি – এখনো বুঝি না। কিন্তু ভালো তো বাসি। আমি যে ফার্স্ট ইয়ারের একটি কোর্সের একটি টেস্টে শূন্য পেয়েছিলাম তা আর প্রকাশ করলাম না। শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের খারাপ রেজাল্টের কথা গোপন রাখতে হয়। 

আরো কিছুক্ষণ কথাবার্তা হলো। তার বাবা পদার্থবিজ্ঞানের অধ্যাপক। নিজের মেয়ের নাম রেখেছেন মেরি কুরির নামে। আশা করে আছেন মেয়ে তার নামের অপমান করবে না। কিন্তু মেয়ে চল্লিশে চার পেয়েছে। তার জন্য আমাকে নতুন কোন পদ্ধতি ভাবতে হবে – যাতে তার মিসকনসেপশান দূর হয়। কিন্তু যাই হোক – ফিজিক্সের প্রতি তার ভালোবাসা কমে যায়নি দেখে ভালো লাগলো। হয়তো তার বাবার কারণেই এরকম ভালোবাসা অটুট রয়েছে। আমার ক্ষেত্রে যেটা করেছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট আমাকে ফিজিক্স বুঝতে শিখাতে পারুক, কিংবা না পারুক, ফিজিক্সকে ভালোবাসতে শিখিয়েছে। মোবাশ্বেরস্যার বলতেন, “ফিজিক্স তোমাদের সব রস কষ শুষে নিয়ে ছিবড়ে করে ছেড়ে দেবে।“ কিন্তু আসলে সেরকম হয়নি। “না বুঝিতেই ভালোবেসেছি” যে পদার্থবিজ্ঞান, বুঝি না বুঝি, এখনো সেরকমই আছে। 

------------------
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ২য় পুনর্মিলনীর ম্যাগাজিন 'অরোরা'-য় প্রকাশিত। সম্পাদনা: প্রফেসর এ কে এম মাঈনুল হক মিয়াজী। 



No comments:

Post a Comment

Latest Post

ভালোবাসা মন্দবাসার পদার্থবিজ্ঞান

  “Do you love physics?”  মাইক্রোফোনে প্রশ্নটা করার সাথে সাথেই সারা ক্লাস হঠাৎ স্তব্ধ হয়ে গেল। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সেমিস্টারের প্রথম ...

Popular Posts