Monday, 15 February 2021

স্বপ্নলোকের চাবি - পর্ব ৭

 


০৭

“যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া” – রবিঠাকুরের কাব্যিক সন্ধ্যা যেরকম মন্দ মন্থর রাবীন্দ্রিক গতিতে ধীরে ধীরে নামে – এখানে সেরকম কোন আয়োজন ছাড়াই ঝুপ করে সন্ধ্যা নেমে রাত হয়ে গেল। সব সঙ্গীত এখনো থামেনি, অবশ্য পাশের রুমে যা হচ্ছে তাকে যদি আদৌ সঙ্গীত বলা যায়। পাশের রুমে কেউ একজন গত দশ মিনিট ধরে “তোরে পুতুলের মত করে সাজিয়ে হিদয়ের কুঠুরিতে রাখবো“ বলে যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হচ্ছে  রেললাইনের ফাঁকে পা আটকে যাবার মতো গানের লাইনের ফাঁকে তার গলা আটকে গেছে। ইচ্ছে করলেই বারান্দায় বের হয়ে গলা বাড়িয়ে দেখে আসা যায় এই ভয়াবহ গান কার গলা দিয়ে বের হচ্ছে। কিন্তু ইচ্ছে করছে না।

 

আগস্টের শেষে শহরে যেরকম ভ্যাপসা একটা গরম থাকে – এখানে সেই অস্বস্তিকর ভাবটা নেই। পাহাড়ী এলাকা বলেই হয়তো। ঝিরঝিরে আরামদায়ক বাতাস আসছে জানালা দিয়ে। আমার পড়ার টেবিলটা জানালার কাছে। দরজা বন্ধ করে বসে আছি চেয়ারে। রেসনিক হ্যালিডের বই, আর মোবাশ্বের স্যারের ক্লাসে যে নোট নিয়েছি – তা খুলে বসে আছি। স্যার বাড়ির কাজ দিয়েছেন। স্যার বলেছেন – হোম-ওয়ার্ক। আজ থেকে তো এটাই আমার হোম, সোহরাওয়ার্দী হলের ২৫২ নম্বর রুম। রুমে তিনটি সিঙ্গেল খাট – তিন দিকের দেয়াল ঘেঁষে শুয়ে আছে। পড়ার টেবিলগুলি সুন্দর, মনে হচ্ছে নতুন বানানো হয়েছে। টেবিলের সাথে লাগানো বইয়ের তাক। তিনটি টেবিলের কোনটাতেই তেমন কোন বইপত্র দেখা যাচ্ছে না। আমার বইপত্র কিছু আছে শহরে, আস্তে আস্তে নিয়ে আসতে হবে। সামনের দেয়ালে জেনারেল এরশাদের একটি হাস্যমুখ ছবিযুক্ত পোস্টার লাগানো আছে। তার পাশেই একটি শ্রীদেবীর পোস্টার। পোস্টার দুটো যে লাগিয়েছে তার রসবোধ ভালোই। মনে হচ্ছে বঙ্গদেশের মিলিটারি শাসকের দৃষ্টি শ্রীদেবীর বক্ষদেশে স্থির হয়ে আছে। এতগুলি হলের এতগুলি রুম থাকতে কি না আমি এসে উঠলাম এখানে?

 

হলে ওঠার সঠিক নিয়মকানুন আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এখানে রাজনৈতিক দখলদারিত্ব চলছে। এই হলের এই ব্লকটা জাতীয় পার্টির দখলে। আলাওল হল নাকি জাতীয় পার্টির ঘাঁটি। সব বড় নেতা ওখানে থাকে। বিভিন্ন হলেই কিছু কিছু রুম ছাত্রলীগের, ছাত্রদলের কিংবা ছাত্রশিবিরের। ছাত্র ইউনিয়নেরও কিছু রুম আছে বিভিন্ন হলে। যারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তাদের কী উপায়? তারা যে নিরুপায় – তা নিজেকে দিয়েই বুঝতে পারছি কিছুটা।

 

আজ দুপুরে শাহীন যখন বললো ২৫২ জাতীয় পার্টির রুম, আমি আঁৎকে উঠেছিলাম। তার একটু আগেই জাতীয় পার্টির সশস্ত্র ক্যাডার দেখেছি। আমি সেই পার্টির সিটে উঠার জন্য এসেছি হলে? কিন্তু আমি তো জানতাম শ্যামলদা – যার সাথে ডাবলিং করার কথা হয়েছে – তিনি  ছাত্রলীগ করেন। কোন্‌ রুমে উঠছি সে ব্যাপারে শাহীন কোন প্রতিক্রিয়া দেখায়নি। সোহরাওয়ার্দীর কোন্‌ রুম কোন্‌ দিকে সে ভালোভাবেই চেনে। সে আমাকে চারটা বিল্ডিং পার হয়ে পঞ্চম বিল্ডিং-এর দোতলায় নিয়ে এলো। সিঁড়ি থেকে ডানদিকে ঘুরে বেশ কিছুদূর আসার পর রুম পাওয়া গেল – ২৫২। শ্যামলদা রুমে অপেক্ষা করছিলেন আমার জন্য।

 

শাহীন আমার বাক্সটা নামিয়ে রেখেই গিটার দুলিয়ে দ্রুত চলে গেলো। শ্যামলদা বললেন, “এসো প্রদীপ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এইটাই সিট। ট্রাংকটা খাটের নিচে রাখো। আর এই চেয়ার-টেবিল। ওদিকের দেয়ালে আলমিরা আছে।“

 

“না, আলমিরা ইউজ করা যাবে না। ওখানে আমাদের জিনিসপত্র আছে। খবরদার, আলমিরায় হাত দিবা না।“ – কথাগুলি যিনি বললেন তাঁর গলা ফ্যাঁসফ্যাঁসে। দেয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে খাটে বসে আছেন। লুঙ্গি উঠে আছে হাঁটুর উপরে, স্যান্ডো গেঞ্জির অনেকটাই গুটানো। মনে হচ্ছে ভদ্রলোকের শরীরে গরম বেশি, তাই ফুলস্পিড ফ্যানের নিচে বসেও জামা-কাপড় গুটিয়ে রেখেছেন।

 

“ওহ্‌, ঠিক আছে। সুসেন যখন বলছে তখন আলমারিতে হাত দেয়া যাবে না। আলমিরা লাগবে না তোমার।“ শ্যামলদা কথা বলেন নিচুস্বরে, অনেকটা স্বগতোক্তির মতো। কিন্তু শুনেছি তিনি নাকি ছাত্রলীগের অনেক বড় নেতা। বড় নেতারা সম্ভবত গলা উঁচিয়ে কথা বলেন না। সেই হিসেবে মনে হচ্ছে সুসেন সাহেব কিংবা সুসেন ভাই খুব বেশি বড় নেতা এখনো হয়ে ওঠেননি। একটু পরে আরেকজন মাঝারি নেতা রুমে ঢুকতেই শ্যামলদা “এই নাও চাবি” বলে আমাকে চাবি দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। মাঝারি নেতা আমার দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি নিক্ষেপ করে এরশাদ-শ্রীদেবীর পোস্টারের নিচে দেয়ালে পিঠ ঠেকিয়ে খাটে বসে গেলেন। পা টেনে খাটে বসা কি এই রুমে বাধ্যতামূলক? আমি দ্রুত বের হয়ে গেলাম মোবাশ্বের স্যারের ক্লাস ধরার জন্য।

 

চাকসু ভবনের সামনে বাস থেকে নেমে নিউট্রন জেনারেটর বিল্ডিং পর্যন্ত অনেকদূর হাঁটা। রোদের মধ্যে হন হন করে হেঁটে যাচ্ছি। আমার সামনে রঙিন ছাতা মাথায় একজন মেয়ে। সেও বেশ জোরেই হাঁটছে। সে সায়েন্স ফ্যাকাল্টির দিকে মোড নিতেই আমি তাকে ক্রস করে সোজা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। সে পেছন থেকে ডাক দিলো, “অ্যাই, অ্যাই, ওদিকে যাচ্ছো কেন?”

আমি ফিরে তাকাতেই চিনতে পারলাম। তার চোখে কালো চশমা। সে কয়েক পা এগিয়ে এলো আমার দিকে।

“তুমি ক্লাসে যাচ্ছো না? ওদিকে গেলে তো অনেক বেশি হাঁটতে হবে, আর অনেক রোদ। ফ্যাকাল্টির ভেতর দিয়ে গেলে তো রাস্তাও কম, রোদও নেই।“ গম্ভীর মাস্টারের মতো বললো সে।

“হ্যাঁ, তাই তো।“

“আমার নাম আইরিন। আমি তোমার ক্লাসে পড়ি। আমি তোমাকে চিনি, কিন্তু নাম ভুলে গেছি।"

"আমার নাম প্রদীপ।“

“হ্যাঁ, মনে পড়েছে। তুমি মোবাশ্বের স্যারের ক্লাসে পড়া পারোনি সেদিন। স্যার যে ক্লাসের কোণায় দাঁড় করিয়ে রাখলেন। আর তুমি কীরকম ফানি ফেইস করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলে। আমার খুব হাসি পেয়েছিল। আবার স্যারের ভয়ে হাসতেও পারছিলাম না। তুমি এত আস্তে হাঁটছো কেন? আমি কিন্তু অনেক জোরে হাঁটি। মিলিটারির বউ তো, মিলিটারির সঙ্গে হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে।“

 

সায়েন্স ফ্যাকাল্টির  এক মাথা থেকে অন্য মাথায় করিডোর দিয়ে হেঁটে নিউট্রন জেনারেটর বিল্ডিং-এ আসতে বেশিক্ষণ লাগলো না। আইরিনকে খুব সহজ-সরল সোজাসাপ্টা মানুষ বলে মনে হচ্ছে। আমি যে ক্লাসে পড়া পারি না, সেটা মনে হচ্ছে ইতোমধ্যে সবাই জেনে গেছে।

 

মোবাশ্বের স্যার ক্লাসে এত পড়া ধরেন – মনে হয় আমরা ইউনিভার্সিটিতে নয়, প্রাইমারি স্কুলে পড়ি। আজকের ক্লাসে অবশ্য খুব বেশি কিছু জিজ্ঞেস করেননি মোবাশ্বের স্যার। কিছু হোমটাস্ক দিয়েছেন। থার্মোডায়নামিক্সের কিছু সমীকরণ প্রমাণ করতে হবে। পদার্থবিজ্ঞান কেমন যেন গণিতপ্রবল হয়ে যাচ্ছে। পদার্থবিজ্ঞানের মূল বিজ্ঞান বুঝার বদলে গাণিতিক সমীকরণগুলি কীভাবে হচ্ছে তা বুঝতেই সময় চলে যাচ্ছে। পদার্থবিজ্ঞানের ব্যবহারিক দিকের কথা তেমন আলোচনা করেন না কোন প্রফেসর। নতুন আবিষ্কার সম্পর্কেও কেউ কোনদিন কিছু বলেন না। এই যে গত মাসের ২৬ তারিখ সাভারে বাংলাদেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপিত হলো, আমি আশা করেছিলাম স্যাররা এ সম্পর্কে কিছু না কিছু বলবেন। কিন্তু আজ এক মাস চলে গেলো, কোন স্যার এ ব্যাপারে টু শব্দটি করলেন না। হয়তো সিনিয়রদের ক্লাসে বলেছেন। কিন্তু আমার তো মনে হয় এসব ব্যাপারে জুনিয়র স্টুডেন্টদেরকেই তো বেশি করে বলা দরকার, যেন আমরা উৎসাহ পাই।

 

মোবাশ্বের স্যার সিয়ার্সের বইয়ের রেফারেন্স দিলেন। এই বই থেকেই মনে হচ্ছে হোমটাস্ক দিয়েছেন। সিয়ার্সের বইয়ের খোঁজে ডিপার্টমেন্টের সেমিনার লাইব্রেরিতে ঢুকেছিলাম আজ। সেমিনারের প্রথম দিন – স্মরণ থাকবে চিরদিন। সেমিনার লাইব্রেরি ফ্যাকাল্টির দোতলায়। চেয়ারম্যানের অফিসের পর ক্লাসরুম পার হয়ে করিডোর দিয়ে আরো কিছুদূর গিয়ে বামপাশে হামিদা বানু ম্যাডামের অফিসের পাশের বড় রুমটাই সেমিনার। সাদার উপর নীল ডোরাকাটা পর্দা দিয়ে ঘেরা এই রুম। দরজার পর্দা সরিয়ে দেখলাম একটা বড় ডেস্কের সামনে বড় একটা চেয়ারে গম্ভীরভাবে বসে ‘দৈনিক আজাদী’ পড়ছেন হ্রস্বদেহী একজন মানুষ। সম্ভবত ইনিই লাইব্রেরিয়ান।

“কী চাই?” – পত্রিকার পাতার আড়াল থেকে মুখ বের করে কপাল কুঁচকে প্রশ্ন করলেন।

“একটা বইয়ের খোঁজে এসেছি।“

“কোন্‌ ইয়ার? ফার্স্ট ইয়ার?”

“হ্যাঁ।“

“ফার্স্ট ইয়ারেই সেমিনারে ঢুকে পড়েছেন? ফাইনাল ইয়ারে উঠেন, তারপর আসবেন।“  - বলেই পত্রিকায় মন দিলেন। রুমের চারদিকে একবার চোখ বুলালাম। জানালায় পর্দা টেনে দিয়ে লাইট জ্বালিয়ে রাখার কী কারণ থাকতে পারে বুঝতে পারলাম না। বিশ্ববিদ্যালয়ে কি বিদ্যুৎ-বিল দিতে হয় না? কয়েকটা বড় বড় টেবিলের পাশে বেঞ্চ পাতা। একজন পাঠকও নেই পদার্থবিজ্ঞানের পাঠকক্ষে। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা সেমিনারে ঢুকতে পারবে না – এই আইন কোথায় আছে, কেন আছে জানি না। বের হয়ে এলাম। এরপর গেলাম লাইব্রেরিতে।

 

আজ প্র্যাকটিক্যাল ছিল না। যীশুরা সবাই চলে গেছে শহরে। হলে থাকলে অনেক সময় বেঁচে যায়। আর্টস ফ্যাকাল্টির বাম পাশ দিয়ে ঢুকলাম। এদিকে ফ্যাকাল্টির বাইরে মাটির নিচে বেশ বড় একটা রুম আছে। ফাইন আর্টসের ওয়ার্কশপ। ফ্যাকাল্টির গেট দিয়ে ঢুকেই নাট্যকলা বিভাগ। নাটকের প্রতি এক ধরনের আগ্রহ আছে আমার। কিন্তু ফিজিক্স আর সিরিয়াস নাটক- একসাথে চলে না। আর্টস ফ্যাকাল্টি ফাঁকা হয়ে গেছে দেড়টা বাজার আগেই। এতগুলি ক্লাসরুম খালি পড়ে থাকে দিনের বেশিরভাগ সময়। করিডোর ধরে হেঁটে হেঁটে একদম অন্যপ্রান্ত দিয়ে বের হলাম। এখানে অগ্রণী ব্যাংক। বিল্ডিং থেকে বের হবার মুখে বিশাল এক বটগাছ। দুপুর-রোদে ঝিম মেরে আছে তার বড় বড় গাঢ় সবুজ পাতা। এর সামনে চারতলা সাদা বিল্ডিং- ছাদে অনেকগুলি পিলার লোহার ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এর নির্মাণকাজ শেষ হয়নি এখনো। এই বিল্ডিং-এর চার তলায় লাইব্রেরি। সরু সিঁড়ি দিয়ে উঠতে হয়। আরো দু’বার এসেছিলাম এখানে। একবার এসেছিলাম লাইব্রেরি কার্ড করার জন্য ফরম নিতে। যাকেই জিজ্ঞেস করি, আরেকজনকে দেখিয়ে দেন। এভাবে তিন-চারজন ঘুরে জানা গিয়েছিল ফরম তখনো আসেনি। দু’সপ্তাহ আগে আরেকবার এসে তাও কয়েকজনের কাছে ঘুরে ফরম নিতে পেরেছিলাম। তারপর লাইব্রেরি কার্ডের জন্য দরখাস্ত জমা দিয়েছি। একটা লাইব্রেরি কার্ড করার জন্যও দরখাস্তের সাথে কত কিছু জমা দিতে হলো। ভর্তি হবার সময় লাইব্রেরির জন্য যে টাকা দিয়েছি – সেই রশিদও দিতে হলো। এই ব্যাপারগুলি কি একবারে একসাথে করে ফেলা যায় না? একজন শিক্ষার্থীর একটা পরিচয় পত্রের সাথেই সবকিছু যোগ করে দেয়া যায় না?

 

লাইব্রেরি কার্ড আজ আসার কথা ছিল। চারতলায় উঠে লাইব্রেরির প্রধান দরজায় ঢুকলাম। কাউকেই দেখা যাচ্ছে না। একপাশে দেয়াল ঘেঁষে ছোট ছোট কাঠের খোপে এ বি সি ডি এভাবে বই খোঁজার কার্ড। কিন্তু লাইব্রেরি কার্ড ছাড়া কোন কিছুতে হাত দেয়াও সম্ভবত নিষেধ। লাইব্রেরি তো সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকার কথা। এখানে বইগুলি কোথায় আছে দেখার কোন সুযোগ নেই। ডেস্কে বইয়ের নাম আর পরিচিতি নম্বর লিখে দিলে লাইব্রেরির সহকারীরা বই খুঁজে এনে দেন। কিন্তু সবকিছুর আগে দরকার হবে লাইব্রেরি কার্ড। ফ্লোরে স্যান্ডেলের ঘর্ষণে কিছু শব্দ হলো। ভেতর থেকে খুব ধীরপায়ে একজনকে আসতে দেখা গেল।

 

“আমার লাইব্রেরি কার্ডটা কি এসেছে?”

“কোন্‌ ইয়ার? ফার্স্ট ইয়ার?” এরা কি ফার্স্ট ইয়ারদের দেখেই চিনে ফেলতে পারে? নতুনত্বের কি কোন চিহ্ন আছে যা দূর থেকে দেখা যায়?

“ফার্স্ট ইয়ারের কার্ড এখনো আসেনি।“ – বলে আমার দিকে আর না তাকিয়েই তিনি চলে গেলেন তাঁর ডেস্কে। সেখানে চেয়ারে বসে ড্রয়ার খুলে একটা গোল আয়না বের করে নিজের চেহারা দেখতে লাগলেন। মনে হচ্ছে তাঁর মুখের ব্রণ নিয়ে তিনি খুব বিরক্ত। নখ দিয়ে টিপে ব্রণনাশ করতে চাইছেন। অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত প্রেমিক পুরুষ ক্যাসানোভা নাকি শেষ জীবনে লাইব্রেরিয়ান হয়েছিলেন। এখন চোখের সামনে যাকে দেখতে পাচ্ছি – তিনি কতটুকু ক্যাসানোভা জানি না, তবে যে  অনেকটুকু নার্সিসাস তা বুঝতে পারছি। সিয়ার্সের বই কখন পাওয়া যাবে জানি না। মোবাশ্বের স্যারের হোম-টাস্ক আগামী সপ্তাহের মধ্যে করতে হবে।

 

সারা বিকেল, সারা সন্ধ্যা হলগুলির সামনে কাটিয়েছি। এখানে বিকেল হলেই হলের সামনের রাস্তা কেমন যেন বাজার-বাজার হয়ে ওঠে। অনেকে আখ, জাম্বুরা ইত্যাদি বিক্রি করতে আসে। ছাত্ররা এসব কিনে খায়। রেস্টুরেন্টগুলি জমে উঠে। পান-বিড়ি-সিগারেটের দোকান আছে অসংখ্য। নতুন জায়গায় এলে শুরুতে কিছুদিন একটা অতিথি-ভাব থাকে। নিজেই নিজের অতিথি, নতুন জায়গার অতিথি। আমি তো আসলে শ্যামলদার অতিথি।

 

শ্যামলদা পড়ে কেমিস্ট্রিতে। আমার এক বছরের সিনিয়র। এখন তো তাঁর ফার্স্ট ইয়ার ফাইনাল দেয়ার কথা। পরীক্ষা কেমন হয়েছে বা হচ্ছে কিছুই তো জিজ্ঞেস করলাম না। সুসান এবং অন্য নেতার সঙ্গে এখনো তেমন পরিচয় হয়নি। সন্ধ্যায় রাস্তায় দেখেছিলাম একটু করে, কিন্তু কোন কথা হয়নি। শ্যামলদাও যে সেই গেছেন, আর দেখা নেই। রাতে আসবেন কি না জানি না। খাটের যে সাইজ, তাতে এই গরমে ডাবলিং কীভাবে করবো জানি না।

 

হঠাৎ ঠাস্‌ ঠাস্‌ করে গুলির শব্দ শোনা গেল। পাশের রুমের “পুতুলের মতো সাজিয়ে” বন্ধ হয়ে গেল। নিচের তলা থেকে চিৎকার শোনা গেল, “আমানতে, আমানতে লাগছে। শিবিরের সাথে।“

কয়েক সেকেন্ড পরেই পূর্ব দিক থেকে শুরু হয়ে গেল প্রচন্ড গোলাগুলি। সম্ভবত আলাওল হল থেকে। হঠাৎ সব আলো নিভে গেল। লোডশেডিং, কিংবা কেউ মেইন সুইচ অফ করে দিয়েছে। নাকি গোলাগুলি শুরু হয়ে গেলে যুদ্ধাবস্থার মতো ব্ল্যাক-আউট হয়ে যেতে হয়? ভয়ে আতঙ্কে বুঝতে পারছি না কী করা উচিত। বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়া যায়। কিন্তু দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলে অন্যরা কীভাবে ঢুকবে? দরজার হুক না লাগিয়ে শুয়ে পড়লাম।

 

ছোট্ট খাটের উপর কোন তোষক নেই। একটা পাতলা চাদর বিছানো ছিল। আমি তার উপরে আমার নিজের বিছানার একটা চাদর বিছিয়ে নিয়েছি। নিজের বালিশ এনেছিলাম। মশারিটা যে ময়লা হয়েছে তা অন্ধকারেও বোঝা যাচ্ছে। নিজের মশারি বের করে টাঙানো সম্ভব নয় এই অন্ধকারে। বাইরে গোলাগুলি চলছে। এটা কি শুধুই গোলাগুলি, নাকি সরাসরি আক্রমণ? আমার বাবা এই কারণেই আমাকে ইউনিভার্সিটিতে পড়তে দিতে চাননি। বাবার ইচ্ছার বিরুদ্ধে হলে এসেছি। প্রথম রাতেই গোলাগুলি! এখন অবশ্য গুলির শব্দ আর শোনা যাচ্ছে না। রুমে লাইটের সুইচ অফ করে দিয়েছি। ফ্যানের সুইচ অন আছে। কারেন্ট এখনো আসেনি। মশারির ভেতর দমবন্ধ হয়ে আসা গরম। কিন্তু সারাদিনের ক্লান্তির কারণে ঘুম চলে এলো।

 

কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভেঙে গেল বারান্দায় উচ্চস্বরে কথাবার্তা শুনে। সুসান ভাইয়ের ফ্যাঁসফ্যাঁসে গলা শোনা যাচ্ছে – “আমি এখনি উঠাই দিচ্ছি। বেয়াদবির শিক্ষা প্রথমরাতেই দিতে হবে। নইলে শেষে সামলানো যাবে না।“

“ঠিক আছে, তুমি তারে নিয়ম-কানুন সব বুঝাই দাও। আমি একটু হামিদ ভাইয়ের ওখান থেকে ঘুরে আসি। দেখলা তো শিবিরের পোলাপাইন কী শুরু করছে।“ – এটা মনে হচ্ছে মাঝারি নেতার গলা।

 

কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে গেল, লাইট জ্বলে উঠলো। সুসান ভাই আমার খাটের কাছে এসে এক টানে মশারির এক কোণা উঠিয়ে ফেললেন – “অ্যাই উঠ। কথা আছে তোমার সাথে।“ 

একটু আগের গোলাগুলির শব্দে যতটা ভয় পেয়েছিলাম, এখন ভয় লাগছে তার চেয়ে বেশি। কোন রকমে বিছানায় উঠে বসলাম।

“শোন, শ্যামল মনে হয় এখানকার নিয়ম-কানুন কিছুই তোমাকে বলেনি। শ্যামল তোমার কেমন আত্মীয়?”

“আমার মায়ের খালাতো বোনের ফুফাতো বোনের ছেলে। সেই হিসেবে আমার খালাতো ভাই।“

“ওহ্‌, আমার নিজের আত্মীয়কে সিট না দিয়ে আমি শ্যামলকে সিট দিয়েছি এখানে। কথাটা মনে রাখবা। আর এখানে সিনিয়রদের সালাম দিতে হয়। আমাকে তুমি সালাম দাও নাই, তাতে আমি তেমন কিছু মনে করি নাই। কিন্তু সবাই তো আমার মতো না। এই যে তুমি টিপু ভাইরে সালাম দাও নাই, টিপু ভাই অনেক মাইন্ড করছে।“

“টিপু ভাই কে?”

“এই টাই তো সমইস্যা তোমার। এখানে আসছ, কে কী তা জেনে নিবা না? টিপু ভাই এই হলের ছাত্রসমাজের ডেপুটি এসিস্টেন সেকেটারি। এই রুমে থাকে। তুমি দুপুরে তাকে দেখছ, সালাম দাও নাই। সন্ধ্যাবেলা হলের সামনে রাস্তায় তার সামনে দিয়া হেঁটে গেচ, সালাম দাও নাই। খুব মাইন্ড করছে টিপু ভাই। আমারে তো বলছিল তোমারে বাইর করে দিতে। এই রাতের বেলা তোমারে বাইর করি দিলে তুমি কোথায় যাবা? আমি অনেক বলে কয়ে টিপুভাইরে বুঝাইছি। একটু পরে টিপুভাই আসবে। তুমি সালাম দিবা, আর মাফ চাইবা। বলবা, টিপু ভাই, এবারের মত মাফ করি দেন। তোমার ভালা চাই বলি এসব বলতেছি। আর কেউ হইলে এতক্ষণে বাইর করি দিতাম। কথা শুনবা, পারমিশান নিয়া কাজ করবা, কোন সমস্যা হলে আমরা দেখব।“

সুসান ভাইয়ের কথা শুনে তাকে ফেরেশতা বলে মনে হওয়া উচিত। কিন্তু আমার সেরকম কিছু মনে হচ্ছে না। শুরুতে যে ভয়টা ছিল সেটাও আর নেই। মনে হচ্ছে এরা বাগাড়ম্বর করে চলে এখানে। বললাম, “সরি সুসান ভাই, আমার ভুল হয়ে গেছে। আপনাদের পাওয়ার বুঝতে পারি নাই। আপনারে সালাম দিই নাই। এখন দিতেছি, সালাম ভাই। আমি একটু বাথরুমে যাবার পারমিশান চাই। যেতে পারি?”

“বাথরুমে যাবা? যাও।“

“জি ভাই। সালাম ভাই।“

পরের পর্ব >>>>>>>>>>>>>>>>>>>

<<<<<<<<<<<< আগের পর্ব

Sunday, 7 February 2021

স্বপ্নলোকের চাবি - পর্ব ৬

 


০৬

“লেডিস ফাঁস মামা”

নিচু হয়ে মাটিতে রাখা টিনের বাক্সটা রিকশায় তুলতে যাচ্ছিলাম। কিন্তু রিকশাওয়ালার কথায় থমকে দাঁড়িয়ে তাকালাম তাঁর দিকে। তাঁর এক পা প্যাডেলে, অন্য পা সামনের চাকায় লাগানো। সম্ভবত রিকশার ব্রেক ঠিকমতো কাজ করছে না, তাই দ্রুত থামাতে গিয়ে স্যান্ডেল পরা পা লাগিয়ে দিয়েছেন সামনের চাকায়। চাকার সাথে স্যান্ডেলের রাবারের ফ্রিকশান বা ঘর্ষণের ফলে বিপরীত ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়েছে, এবং রিকশা থেমে গেছে ট্রেন স্টেশনের সামনে রাস্তায়। নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের সরাসরি প্রয়োগ। কিন্তু রিকশাওয়ালা কি এই ফিজিক্স বোঝেন? তিনি লেডিজ প্রসঙ্গে কী বললেন ঠিকমতো বুঝতে পারিনি। জিজ্ঞেস করলাম, “কী বললেন?”

“লেডিস ফাঁস মামা।“  - মাঝবয়সী রিকশাওয়ালার কন্ঠে দার্শনিকের উদাসীনতা আর বিরক্তি একসাথে মিশে আছে। তিনি বাম দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে আছেন প্লাটফরমের দিকে। তার মুখে খোঁচাখোঁচা দাড়ি, কপালের এক পাশে বসন্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে।

রাস্তায় যেখানে দাঁড়িয়ে আছি – সেখান থেকে প্লাটফরমের দূরত্ব কমপক্ষে তিরিশ মিটার। রাস্তা থেকে অনেক নিচে প্লাটফরম। রাস্তা থেকে পাকা বাঁধানো প্রশস্ত সিঁড়ি নেমে গেছে প্লাটফরমে। সিঁড়ি দিয়ে খুব আস্তে আস্তে কথা বলতে বলতে উঠে আসছেন দু’জন ছাত্রী। রিকশাওয়ালার দৃষ্টি সেদিকে। এতক্ষণে “লেডিস ফাঁস”-এর অর্থ পরিষ্কার হলো। লেডিজ ফার্স্ট – অর্থাৎ তিনি আমাকে রিকশায় তুলবেন না। যে দু’জন উঠে আসছেন সিঁড়ি বেয়ে, তাঁদের আসতে আরো মিনিট দশেক লাগলেও তিনি তাদের জন্য অপেক্ষা করবেন। কারণ তিনি “লেডিজ ফার্স্ট” নামক ভদ্রতায় বিশ্বাসী। ক্যাম্পাসের রিকশাওয়ালাদের মধ্যে এই ব্যাপারটা মাঝে মাঝেই দেখা যায়, বিশেষ করে যখন রিকশার সংখ্যা খুব কম থাকে। অনেকগুলি রিকশা যখন থাকে, তখন রিকশাওয়ালারা নিজেদের মধ্যে সিরিয়াল মেনে চলেন। কার পর কে যাবে্ন – তা তারা নিজেরাই ঠিক করে নেন। কিন্তু যখন একটা বা দুটো রিকশা থাকে – তখন তারা ছাত্রদের চেয়ে ছাত্রীদের প্রাধান্য দেন। এর পেছনে হয়তো একটা যুক্তি আছে।  ছাত্ররা দরকার হলে অনেকদূর হাঁটতে পারে, ছাত্রীরা তো পারে না। এই যুক্তি ছাত্রীদের জন্য কিছুটা অপমানজনক হলেও রিকশাওয়ালাদের দেয়া প্রাধান্য অস্বীকার করতে  তাদের দেখা যায় না খুব একটা। রিকশাওয়ালার সাথে এখনই একটা ঝগড়া লাগিয়ে দেয়া যায়। কিন্তু রুচিতে বাধলো।

সিঁড়ি ধরে অগ্রসরমান ছাত্রীদ্বয় রিকশার কাছাকাছি এসে গেছেন। সেদিকে তাকিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য রিকশাওয়ালা বেল বাজালেন। পরবর্তী ষাট-সত্তর সেকেন্ডের মধ্যেই তাদেরকে নিয়ে রিকশা চলে গেলো। যতদূর চোখ যায়, কোথাও কোন রিকশার দেখা নেই। প্রায় এগারোটা বাজে। সেকেন্ড ট্রেনে আসা শিক্ষার্থীদের নিয়ে সবগুলি বাস চলে গেছে ক্যাম্পাসে। সেগুলি একটা একটা করে ফিরে আসবে। আমার সাথে ভারী বাক্স না থাকলে রিকশার জন্য অপেক্ষা করতে হতো না।

 

কোরবান উপলক্ষে সতেরো দিন ইউনিভার্সিটি বন্ধ ছিল। রাস্তার দুপাশে নিমের মতো নাম-না-জানা গাছগুলির ডালপালা এই ক’দিনের ছুটিতে মনে হচ্ছে আরো পুষ্ট হয়েছে, পাতাগুলির সবুজ হয়েছে আরো গাঢ়। রাস্তার অন্যপাশে সবুজ ঘাস, গর্তে জমা বৃষ্টির পানির ওপারে সারি সারি দোকানের বেশিরভাগই বন্ধ। বাম কোণার রেস্টুরেন্ট ‘মামুর দোকান’-এ তেমন কোন ভীড় নেই এখনো। এই সময়ে এদিকের অবস্থা কী রকম থাকে তা আগে কখনো দেখা হয়নি। সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীরা ফার্স্ট ট্রেনে আসে, লাস্ট ট্রেনে যায়। মাঝখানের সময়টাতে ক্লাসরুমের বাইরে কী কী হয় তা দেখার সুযোগ তাদের খুব একটা থাকে না।

 

রাস্তার পাশে গাছের নিচে বালির উপর রাখা বাক্সটার দিকে তাকালাম। টিনের বাক্সের গায়ে সাধারণত বিভিন্ন রঙের নকশা, ফুল ইত্যাদি অনেক কিছু আঁকা থাকে। এইটাতে সেরকম কিছু নেই। টিনের উপর কোন রঙই লাগানো হয়নি। ছোটবেলায় এরকম বাক্স দেখতাম যাত্রাদলের লোকজনের সাথে। সেসব বাক্সে বড় বড় অক্ষরে যাত্রাদলের নাম লেখা থাকতো। এই বাক্সের কোনদিকে কোন কিছু লেখা নেই। ৩০ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি মাপের টিনের এই বাক্সটি আমি উত্তরাধিকারসূত্রে পেয়েছি আমার বড়ভাইয়ের কাছ থেকে। এই বাক্স সে কিনেছিল ১৯৮০ সালে পটিয়া কলেজে হোস্টেলে থাকার সময়। তারপর  আমি যখন চট্টগ্রাম কলেজের হোস্টেলে এসে উঠলাম – তখন থেকে এটা আমার হোস্টেলের সাথী। আজ এটা আমার সাথে এসেছে ইউনিভার্সিটির হলে উঠার জন্য। কিন্তু সকাল আটটায় শহর থেকে রওনা দিয়ে তিন ঘন্টা পার হয়ে গেলেও এখনো হলে পৌঁছাতে পারলাম না।

 

আজ সকাল থেকে কোন কিছুই ঠিকমতো হচ্ছে না। ফার্স্ট ট্রেনের ভীড় এড়ানোর জন্য সেকেন্ড ট্রেনে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। চট্টগ্রাম কলেজের হোস্টেল থেকে সকাল আটটায় রওনা দিয়ে বটতলি স্টেশন থেকে ৮টা ৪৫-এর ট্রেন ধরা কোন কঠিন কাজ নয়। রেডবিল্ডিং-এর তিন তলা থেকে বাক্সটা নিয়ে নড়বড়ে খাড়া সিঁড়ি দিয়ে যখন নিচে নামছিলাম, কেমন যেন একটা মায়া-ছেঁড়া অনুভূতি হচ্ছিল। এই হোস্টেলের সাথে আমার প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক।

 

কলেজ রোডে চট্টগ্রাম কলেজের মেইন গেটের ডান পাশে যে উঁচু পুরনো ব্রিটিশ আমলের তিনতলা লাল দালানটি আছে, যেটাকে সবাই রেড বিল্ডিং বলে – সেটার তৃতীয় তলায় বর্তমানে অমুসলিম ছাত্রদের হোস্টেল। চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠের দক্ষিণ দিকে পরপর তিনটি হোস্টেল। পশ্চিম দিকে কলেজ রোডের পাশে শেরে বাংলা হোস্টেল। তার পূর্ব পাশে সোহরাওয়ার্দী হোস্টেল, এবং সোহরাওয়ার্দীর পূর্বপাশে সিরাজদৌল্লা রোডের সাথে লাগানো ছোট্ট জরাজীর্ণ একটি দোতলা পুরনো বাড়িতে শেরেবাংলা বি-ব্লক। এই বি-ব্লকটাই ছিলো অমুসলিম ছাত্রদের জন্য। চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিক পড়ার জন্য ভর্তি হয়ে সেই হোস্টেলে উঠেছিলাম। আমার উচ্চমাধ্যমিকের সময়েই আমার বড়ভাই অনার্সে ভর্তি হয়েছিল। ফার্স্ট ইয়ারের পর সে অনার্স পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেললেও হোস্টেলের সিটটি এখনো আছে। আমি পাস করার পর তার সিটেই ছিলাম এতদিন। গতবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধ্বসে পড়ে ছাত্র, কর্মী, এবং অতিথিসহ মোট ৩৯ জন মানুষ প্রাণ হারান। তারপর এরশাদ সরকার সারা দেশের পুরনো ভবনগুলিতে জরিপ চালিয়ে অনেক ভবনকে বাস-অযোগ্য ঘোষণা করে। শেরে বাংলা বি-ব্লকের ভবনটিও বসবাসের জন্য অযোগ্য ঘোষিত হয়। সেই হোস্টেলের সব ছাত্রকে কয়েক ঘন্টার নোটিসে নিয়ে আসা হয় রেড বিল্ডিং-এর তৃতীয় তলায়। অথচ এই বিল্ডিং-টি পরিত্যক্ত ভবনের চেয়েও নড়বড়ে। কিন্তু এটাকে কীভাবে যেন জরিপের বাইরে রাখা হয়েছিল। এখানে এনে এক এক রুমে ছয়-সাতজন করে ঢুকিয়ে দেয়া হয়েছে। কোন বাথরুম নেই, কোন ডায়নিং নেই, কিচেন নেই, কোন তত্ত্বাবধায়কও নেই – সুতরাং ‘নেই নেই’ শোনার জন্যও কেউ নেই। উদ্বাস্তুরা যেভাবে নিরুপায় হয়ে সব কিছুর সাথে খাপ-খাইয়ে নেয়, এই হোস্টেলের ছাত্রদেরও একই অবস্থা হলো। বিল্ডিং-এর নিচের তলার এক কোণায় ছোট্ট একটি টয়লেট। এটাই ব্যবহার করে হোস্টেলের তিরিশ জন ছাত্র। বিল্ডিং-এর বাইরে রাস্তার উপর একটা পানির ট্যাপ আছে – যেখানে ওয়াসার পানি আসে। সেখানেই তিরিশ জনের গোসল। রেড বিল্ডিং-এর দোতলায় কলেজের ভূগোল বিভাগ, নিচের তলায় বিএনসিসি অফিস। প্রায়ই দেখা যায় – নিচের তলায় যখন বিএনসিসির ক্যাডেটদের অনুশীলন চলছে তখন হয়তো কেউ লুঙ্গি পরে বদনা হাতে টয়লেট থেকে বের হচ্ছে, কিংবা খোলা জায়গায় ট্যাপের নিচে বালতি বসিয়ে গোসল করছে। দোতলায় ক্লাস করার জন্য ছাত্রীরা সিঁড়ি দিয়ে উঠছে, সেই সময় কেউ তিন তলা থেকে বালতি হাতে খালি গায়ে লুঙ্গি পরে নিচে নামছে গোসল করার জন্য। ছাত্রদের পক্ষ থেকে বিভিন্নভাবে আবেদন করা হয়েছে তাদের জন্য যথোপযুক্ত হোস্টেলের ব্যবস্থা করার জন্য, অথবা অন্য দু’টি হোস্টেলে অমুসলিম ছাত্রদের জন্যও সিট বরাদ্দ দিতে। কিন্তু এসব অভিযোগ শোনার সময় বা ইচ্ছা কর্তৃপক্ষের নেই। বিশ্ববিদ্যালয়ের হলে অন্তত সেরকম ধর্মীয় বিভাজন নেই। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল - অমুসলিমদের জন্য আলাদা হল। সে কারণে অন্য হলগুলিতে অমুসলিম ছাত্রদের সিট বরাদ্দ দেয়া হয় না। আমাদের বিশ্ববিদ্যালয়ে সেরকম কোন নিয়ম নেই সত্য, কিন্তু অলিখিত রাজনৈতিক নিয়ম যেগুলি আছে সেগুলি তো আরো ভয়ংকর।

 

বটতলি স্টেশনে ২নং প্লাটফরম থেকে ছাড়ে ইউনিভার্সিটির ট্রেন। বাক্সের ভেতর বইপত্র তেমন নিইনি ভারী হয়ে যাবার আশংকায়। বইপত্রগুলি পরে আস্তে আস্তে নিয়ে যেতে পারবো। জামাকাপড়সহ অন্যান্য টুকটাক জিনিসপত্রে বাক্স বোঝাই। কিন্তু খুব বেশি ভারী না হলেও টিনের সরু হাতল ধরে এই বাক্স আলগে নিয়ে ট্রেনে উঠতে গিয়ে ঘেমে গেলাম। জায়গা পেতে সমস্যা হলো না। কিন্তু ছাড়ার মুহূর্তে সমস্যা হলো অন্য জায়গায়। হঠাৎ শোনা গেল প্লাটফরমে প্রচন্ড হৈচৈ। বগি থেকে অনেকেই ছুটে নেমে গেল। অনেকে প্লাটফরমে নেমে খন্ড খন্ড ধারাবিবরণী দিতে শুরু করলো – কোন একজন রেলওয়ে অফিসারের সাথে ছাত্রদের ঝগড়া লেগে গেছে। ছাত্রদের সাথে ঝগড়া লাগা মানেই ভাঙচুরের সম্ভাবনা প্রবল। কোন যুক্তি ছাড়াই হয়তো দেখা যাবে ট্রেনের জানালার কাচ ভাঙা শুরু হবে, স্টেশন মাস্টারের অফিস তছনছ করা হবে। এসব হবার পর পরিস্থিতি শান্ত হয়ে ট্রেন ছাড়লো দেড় ঘন্টা দেরিতে – সোয়া দশটায়। দেরিতে ছাড়ার কারণেই হয়তো – অন্যদিনের চেয়ে কিছুটা বেশি গতিতে ট্রেন চলেছে আজ। চল্লিশ মিনিটে পৌঁছে গিয়েছি ইউনিভার্সিটিতে।

 

সেকেন্ড ট্রেন আসার পর সেটা দেড়টা পর্যন্ত স্টেশনেই থাকে। দেড়টায় ফিরে যায় শহরে। এখন ট্রেনটির ইঞ্জিন ঘুরে গিয়ে অন্যদিকে গিয়ে লেগেছে। এখন দেড়টায় যাবার জন্য রেডি। প্লাটফরমে এখন কোন যাত্রী নেই। কিন্তু সেকেন্ড ট্রেন থেকে নামার সময় অনেকেই সিটের উপর ইটের টুকরো দিয়ে জায়গা রেখে গেছে। দেড়টার ট্রেনে ফিরে যাবার সময় বসে যাবে। দেরি না করলে সেকেন্ড ট্রেন আসে সাড়ে ন’টায়। সাড়ে ন’টায় এসে দেড়টায় ফিরে যেতে পারে অনেকেই। এত কম সময়ে তাদের ক্লাস করা হয়ে যায় – ভাবতেও কেমন যেন লাগে। আমাদের ক্লাস শুরু হয় ন’টা পয়ত্রিশে, আর শেষ হয় পাঁচটায়। বিজ্ঞান পড়ার মজা।

 

এতক্ষণে একটা রিকশা ফিরে এলো ক্যাম্পাস থেকে। দেড়টার ট্রেনে যাবার জন্য সোয়া এগারোটায় এসে গেছে একটা যুগল। রিকশা থামতেই আমি হাত দেখালাম। আশেপাশে রিকশায় যাবার মতো আর কেউ নেই। এবার আশা করি আমি যেতে পারবো। বাক্সের এক কোণা রিকশায় তুলে ঠেলে দিচ্ছি, এমন সময় রাস্তার অন্যদিক থেকে “হই, ইক্যা আয়” বলে কর্কশ স্বরে চিৎকার করলো কেউ।

“আইয়ির বদ্দা” – বলে তরুণ রিকশাওয়ালা সেদিকে চলে যেতে চাইলেন। আমি যতটা পারি গরম চোখে তাকিয়ে দাপট দেখানোর চেষ্টা করলাম, “আমাকে না নিয়ে কোথায় যাচ্ছেন?”

“বদ্দায় ডাকের দে।“ রিকশা ঘুরানোর সময় আমার দিকে তাকিয়ে অনেকটা সাবধান করার ভঙ্গিতে বললো,  “জাতীয় পার্টির ক্যাডার। মারি ফেলাইব।“

 

আমার চোখের সামনে দিয়ে রিকশায় পায়ের উপর পা তুলে সিগারেট টানতে টানতে চলে গেলেন জাতীয় পার্টির ক্যাডার। তার পাশে তার বডিগার্ড। বডিগার্ডের চোখে কালো চশমা, হাতে কালো চকচকে ধাতব এক বস্তু – যেই অস্ত্রের নাম আমি জানি না।

 

রিকশার জন্য দাঁড়িয়ে থাকার আর কোন মানে হয় না। রেল স্টেশন থেকে সোহরাওয়ার্দী হল এমন কিছু দূরে নয়। বাক্সটাতে চাকা লাগানো থাকলে এত সমস্যা হতো না। বাক্সে চাকা লাগানোর আইডিয়া কি কারো মাথায় এখনো আসেনি? এখনো সেরকম কিছু তো চোখে পড়েনি। এ ধরনের বাক্স বহন করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো মাথায় তুলে নেয়া। তাতে আরো একটা সুবিধা হলো। প্রচন্ড রোদে ছায়াও পাওয়া যাচ্ছে।

 

হন হন করে হেঁটে চলে যাচ্ছি শাহজালাল হলের সামনে দিয়ে। হঠাৎ রাস্তার পাশের দোকান থেকে কেউ একজন বের হয়ে আমার পাশাপাশি কয়েক পা হাঁটলো। সাদা প্যান্ট আর নীল টি-শার্ট দেখা যাচ্ছে। হাতে ধরা গিটারের কিছু অংশ দেখতে পাচ্ছি। কোন রকমে চোখ ঘুরিয়ে দেখলাম তাকে।

“শাহীন, তুই কই যাস?”

“তোর নিজের বাক্স, নাকি অন্যের বাক্স টানা শুরু করেছিস? গাধা। নামা বাক্স নামা মাথা থেকে।“

শাহীন ফিজিক্সে আমার ক্লাসমেট। ক্লাস খুব একটা করে না। কারণ সে জিডি পাইলট হবার জন্য পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার মাথা থেকে জোর করে বাক্স নামিয়ে বাক্সের একদিকে ধরলো। দু’জনে ধরাধরি করে সোহরাওয়ার্দীতে ঢুকলাম।

“কয় নাম্বারে উঠবি?”

“২৫২”

“ওটা তো জাতীয় পার্টির রুম।“

“অ্যাঁ?” – আমার চোখের সামনে ভেসে উঠলো একটু আগে রিকশায় দেখা ক্যাডারের মুখ – যার চোখে চশমা, হাতে নাম-না-জানা ভয়ংকর অস্ত্র।

Wednesday, 3 February 2021

স্বপ্নলোকের চাবি - পর্ব ৫

 



০৫

“সেক্সপিয়ার বলেছেন – হোয়াট ইজ ইওর নেইম? অর্থাৎ নামে কী আসে যায়?”

 

এক নম্বর গ্যালারির ঠিক মাঝখানের বেঞ্চের উপর দাঁড়িয়ে বেশ উচ্চস্বরে বিদ্যা জাহির করছে ছেলেটা। এতক্ষণ একটা কাগজ দেখে দেখে পড়ছিল “তুমি বোললে প্রেম হবে, প্রেমের ভুবন যদি আসে, বুকের কুসুম থেকে দেবে শব্দাবলী, কবিতার বিমূর্ত চন্দন…” উচ্চারণের যা অবস্থা – তাতে কবিতার যে বারোটা বেজে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই। এখন আবার শেকসপিয়ারকে ধরে টানাটানি শুরু করেছে। তার আশেপাশে যারা আছে, বোঝা যাচ্ছে সবাই তাকে চেনে। তারা তার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। কিন্তু তার দৃষ্টি গ্যালারির সামনের দিকের ডান কোণায়, যেখানে দশ বারোজন মেয়ে জটলা করে গল্প করছে। গ্যালারির পেছনের দিকের বেঞ্চে বসে আমরাও যে সেদিকে তাকাচ্ছি না, তা নয়। তবে তার মতো এতটা গলা উঁচিয়ে আত্মপ্রচার করার মতো দুরাবস্থা আমাদের এখনো হয়নি। তার মুখে ‘সেক্সপিয়ার’ শুনে সামনের কয়েকজন ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে হেসে ফেললো। তাতে সে দ্বিগুণ উৎসাহে বলতে শুরু করলো, ‘অ্যা রোছ  ইছ অ্যা রোছ ইছ অ্যা রোছ…”, সামনের দিকের ডান কোণায় হাসির হুল্লোড় উঠলো।

 

ছেলেটার নির্লজ্জতার তারিফ করতেই হয়। অবশ্য আমি যেটাকে নির্লজ্জতা বলছি – সেটাকেই হয়তো সে ভাবছে সাহস। ‘শেক্‌সপিয়ার’কে অনেকেই ‘সেক্সপিয়ার’ উচ্চারণ করে। অনেকে ধরতেই পারে না এই দুটো উচ্চারণের মধ্যে কী তফাৎ। শেক্‌সপিয়ারের ‘হোয়াট্‌স ইন আ নেম’ যখন ‘হোয়াট ইজ ইওর নেম’ হয়ে যায় – কেমন যেন ধাক্কা লাগে। এমন জোরে এমন নির্দ্বিধায় এমন ভুল বকতে পারা তো রাজনৈতিক নেতার গুণাবলি। কিছুদিনের মধ্যেই হয়তো দেখা যাবে এই ছেলে ক্যাম্পাসে মিছিলের নেতৃত্ব দেবে। ভবিষ্যৎ-নেতার নাম-পরিচয় জেনে নিতে হবে। যতই বলা হোক না কেন – নামে কী এসে যায় - ঠিকমতো নাম নিতে জানলে অনেক কিছুই আসে, আবার ভুল নাম জপ করলে অনেক কিছুই চলে যায়।

 

ম্যাথস সাবসিডিয়ারি ক্লাস করতে এসেছি এই গ্যালারিতে। ফিজিক্স, কেমিস্ট্রি, আর স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্টের প্রায় সবারই ম্যাথস সাবসিডিয়ারি আছে। বিশাল গ্যালারি - প্রায় তিন শ স্টুডেন্ট একসাথে বসতে পারে এই গ্যালারিতে। সায়েন্স ফ্যাকাল্টির নিচের তলার মাঝামাঝি জায়গায় এই গ্যালারি। খাড়া উঁচু সিঁড়ি পার হয়ে মেইন কলাপসিবল গেট দিয়ে ঢুকে ডানে ঘুরলেই ডিন অফিস। করিডোর ধরে এগোবার সময়  ডানদিকে তাকালে খাড়া পাহাড়ের নিচের অংশ দেখা যায়। লম্বা প্রশস্ত করিডোরে আগস্টের ভ্যাপসা গরমেও এক ধরনের শান্ত ঠান্ডা ভাব। কিছুদূর আসার পর বামদিকে প্রশস্ত র‍্যাম্প উঠে গেছে দোতলায়। ইচ্ছে করলে যে কেউ সাইকেল বা মটরসাইকেল চালিয়ে দোতলায় উঠে যেতে পারবে এই পথে। র‍্যাম্পের নিচে ফটোস্ট্যাট মেশিনের দোকান।

 

র‍্যাম্পের সামনে করিডোরের ডানদিকে পাশাপাশি দুটো গ্যালারি। সামনে দু’পাশে দুটি দরজা, পেছনে অনেকগুলি সিঁড়ি পার হয়ে উপরে উঠে আরো দুটি দরজা। আমরা কয়েকজন বসেছি পেছনের দিকের সারিতে পেছনের দরজার কাছাকাছি। মূল উদ্দেশ্য বোরিং লাগলে ক্লাস থেকে চুপচাপ বের হয়ে যাওয়া। সাবসিডিয়ারি ক্লাসের পুরোটা করার দরকার আছে কি নেই তা বোঝা যাবে ক্লাসে রোল কল করা হয় কি না, এবং হলে তা ক্লাসের শুরুতে, নাকি শেষে করা হয় তার ওপর।

গ্যালারি ভরে গেছে ইতোমধ্যে। সাবসিডিয়ারি ক্লাসে বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে-মেয়েরা একসাথে ক্লাস করলেও প্রত্যেকেই ছোট ছোট কিছু অদৃশ্য গ্রুপ বা সাব-গ্রুপে ঢুকে গেছে। প্রত্যেকেই আমরা পরস্পরের সমান সহপাঠী, বন্ধু, আবার এর মধ্যেই কেউ কেউ একটু বেশি বন্ধু। কীভাবে এই গ্রুপিং, সাব-গ্রুপিং হয় তার কোন নির্দিষ্ট নিয়ম নেই। কীভাবে যেন পারস্পরিক একটা বোঝাপড়া হয়ে যায়। বড় ক্লাসে কথাবার্তা, হাসিঠাট্টা, গল্পগুজব বেশিরভাগ সময়েই এই গ্রুপভিত্তিক হয়ে থাকে। আজও হচ্ছে। ক্লাসের মাঝখানে বেঞ্চের উপর দাঁড়িয়ে যে শেক্‌সপিয়ার আওড়াচ্ছে তার দিকে শুরুতে কিছুক্ষণ মনযোগ থাকলেও, এখন আর নেই। কিন্তু সে এখনো বকবক করেই চলেছে, কিন্তু কেউ তার কথা শুনছে বলে মনে হচ্ছে না। হঠাৎ টেবিলের উপর ডাস্টার ঠোকার প্রচন্ড শব্দ হলো। বেঞ্চের উপর থেকে দ্রুত নেমে গেলো আমাদের ‘সেক্সপিয়ার’।

 

“সাইলেন্স, সাইলেন্স। প্লিজ কিপ কোয়ায়েট।“

“আমার নাম গণেশ চন্দ্র রায়”

স্যারের নাম শুনে মনে হলো আসলেই নামে কিছু যায় আসে না। গণেশ বললে যে ধরনের হাতির মাথাযুক্ত পেটমোটা অবয়বের কথা মনে হয়, গণেশস্যারের সাথে তার কোন মিল নেই। এমন ধবধবে উত্তমকুমারের মত সুবেশ সুপুরুষের নাম যে গণেশ হতে পারে তা ভাবাই যায় না।

“আমি আপনাদেরকে ডিফারেন্সিয়েল ক্যালকুলাস পড়াব।“

গণেশস্যার আমাদের আপনি করে বলছেন! আশ্চর্য লাগছে, তবে খুব একটা ভালো লাগছে না। শিক্ষকরা তুমি করে বললে যেরকম একটা স্নেহের সম্পর্ক তৈরি হয়, আপনিতে সেই অনুভূতিটা আসে না। স্যার রোল কল করলেন না। তার মানে ক্লাস করা বাধ্যতামূলক নয়। কিন্তু এত পেছনদিকে বসা উচিত হয়নি আমার। ব্ল্যাকবোর্ডের লেখা ঠিকমতো দেখতে পাচ্ছি না। স্যারের পড়ানোর স্টাইল গতানুগতিক। বই থেকে একটার পর একটা অংক বোর্ডে করাচ্ছেন। মাছিমারা কেরানির মতো তা বোর্ড থেকে যে খাতায় তুলবো তার উপায় নেই। আমি বোর্ডের লেখা ঠিকমতো দেখতে পাচ্ছি না। নিজে নিজে করারও কোন উপায় নেই। উচ্চমাধ্যমিকে অঙ্কে যে ফাঁকি দিয়েছি, তার ফলে অংকের ভিত শক্ত হয়নি। এখানে অনেক সহজ ব্যাপারও বুঝতে কষ্ট হচ্ছে। গণিত নাকি ফিজিক্সের ভাষা। এই ভাষাটাই যদি ঠিকমতো শিখতে না পারি, ফিজিক্স শিখবো কীভাবে! প্রামাণিক স্যারের ক্লাস যে কিছুই বুঝতে পারি না, তার প্রধান কারণ উচ্চতর গণিতের উপর দক্ষতা না থাকা। ক্লাস পালানোর সুযোগটাকে মনে হচ্ছে খুব একটা কাজে লাগানো যাবে না। যীশুর খাতার দিকে তাকালাম। সে খসখস করে লাইনের পর লাইন লিখে ফেলছে। মনে হচ্ছে গণিতের মূল সুর সে ধরে ফেলেছে। আমার অবস্থা এখন অনেকটা ক্রিকেট খেলার সেই দর্শকের মতো যে খেলার নিয়মকানুন কিছুই জানে না। গ্যালারির সবাই উঠে যাচ্ছে দেখে বুঝতে পারলাম খেলা শেষ – মানে ক্লাস শেষ।

 

“হেই প্রদীপ, হলে ফরম দিতেছে। গিয়া নিয়ে আসিস।“ – গ্যালারি থেকে বের হবার সময় শাকিল বললো। শাকিল, প্রেমাঙ্কর, আনন্দ, জামাল, কবীর – সবাই সোহরাওয়ার্দী হলে থাকে। ফার্স্ট ইয়ারে এখনো সিট দেয়নি কাউকে, কিন্তু এরা সবাই কারো না কারো সাথে ডাবলিং করে থাকছে। আমারও হলে ওঠা দরকার, কিন্তু পরিচিত কেউ নেই যার রুমে গিয়ে উঠা যায়। তাই সিটের জন্য নিয়ম মাফিক দরখাস্ত করতে হবে। বিকেলে প্র্যাকটিক্যাল আছে। তাই এখনই হলে গিয়ে ফরমটা নিয়ে আসা দরকার। জমা দেয়ার সময় আবার অনেক কাগজপত্রও দিতে হবে দরখাস্তের সাথে।

 

সোহরাওয়ার্দী হলের সেকশান অফিসারের রুম থেকে সিটের দরখাস্তের ফরম নিয়ে বের হবার সময় দেখলাম আজকের ক্লাসের সেই ‘সেক্সপিয়ার’ অফিসে ঢুকছে। তার অঙ্গভঙ্গি আর গলার জোর দেখে নিশ্চিত বলা যায় – সে এই হলের ছোটখাট কোন নেতা। আমার অনুমানের পক্ষে এত তাড়াতাড়ি প্রমাণ পাওয়া যাবে চিন্তাও করিনি। প্রেমাঙ্কর তাকে নাম ধরে ডাকলো। তার আসল নাম উহ্য থাক। ধরা যাক তার নাম ওয়াসিম। ওয়াসিম জাতীয় ছাত্রসমাজের একজন পাতিনেতা। এরশাদের মতোই ডান্ডা হাতে কবিতার সেবা করে।

 

*****

‘যত গর্জে তত বর্ষে না’ কথাটা যতটা সত্য, ‘যত বর্ষে তত গর্জে না’ কথাটাও ততটা সত্য। দুপুরের পর থেকে কোন ধরনের মেঘগর্জন ছাড়াই এত বেশি বর্ষণ শুরু হয়েছে যে তা এখনো থামেনি। সোহরাওয়ার্দীর মোড় থেকে বাসে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ক্যাফেটরিয়ার সামনে বাস থেকে নেমে ফ্যাকাল্টি পর্যন্ত আসতে আসতে আবার ভিজেছি। এখন ভেজা শার্ট-প্যান্টে কেমন যেন শীত শীত লাগছে।

 

তিন তলায় প্র্যাকটিক্যাল রুমের সামনে সবাই এসে জড়ো হচ্ছে একে একে। রুম এখনো খোলেনি। সেদিন আদম শফিউল্লাহ স্যারের ধমক খাবার পর প্র্যাকটিক্যাল রুমের আশেপাশেও আমরা আর জোরে শব্দ করি না। কিন্তু স্যারের ধমকের ব্যাপারেও ‘যত গর্জে তত বর্ষে না’ কথাটা খাটে। সেদিন ধমক খাবার ঘন্টাখানেক পরেই প্রদীপ চুপি চুপি বলেছিল, স্যার কিন্তু ভালোমানুষ।

“কীভাবে বুঝলি?”

“ঐ দ্যাখ, বারান্দায়।“

জানালা দিয়ে দেখেছিলাম আদম শফিউল্লাহ স্যার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছেন। যারা সিগারেট টানে, তারা নাকি রাগী হলেও মানুষ হিসেবে খুব একটা খারাপ হয় না। এটা প্রদীপের থিওরি। এই থিওরির অকুন্ঠ সমর্থক হাফিজ। এর কারণ সহজেই অনুমেয়। আজও দেখছি বারান্দার রেলিং-এ এক পা তুলে দিয়ে হাঁটুতে কনুই রেখে নায়কোচিত ভঙ্গিতে পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট টানছে হাফিজ আর প্রদীপ। একটু পরেই তাদের সাথে যোগ দিলো স্বপন আর ইকবাল।

 

সিগারেটের ধোঁয়া সহ্য হয় না বলে আমরা দূরে দাঁড়িয়ে আছি। অর্পণ সিগারেটের ব্যাপারে ভীষণ অসহিষ্ণু। সে প্রায়ই বাসের ভেতর ধুমপানরত যাত্রীর মুখ থেকে বিড়ি-সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেয়। এখানে সে ততটা কট্টর হতে পারছে না বলে ছটফট করতে করতে বললো, “তোরা নিজেদের লাংসতো ঝাঁঝরা করে দিচ্ছিস, আমাদেরও বারোটা বাজাচ্ছিস।“

 

প্রদীপ সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললো, “শেক্‌সপিয়ার সারাজীবনে যা কিছু লিখেছেন সবই লিখেছেন ইংরেজিতে।“ শেক্‌সপিয়ার আজ কিছুতেই পিছু ছাড়ছেন না। প্রদীপ বেশ সিরিয়াসলি বলছে, “কিন্তু একটিমাত্র গান লিখেছিলেন বাংলায়। কোন্‌ গানটা জানিস?” শেক্‌সপিয়ার বাংলায় গান লিখেছিলেন! গুল মারারও একটা সীমা থাকে। কিন্তু অর্পণ সিরিয়াসলি জিজ্ঞেস করলো, “কোন্‌টা?”

“এক টানেতে যেমন তেমন, দু’টানেতে রোগী, তিন টানেতে রাজা-উজির, চার টানেতে সুখি। - বুঝলি?”

পরের পর্ব >>>>>>>>>>>>>>>>>>

<<<<<<<<<<<<< আগের পর্ব

স্বপ্নলোকের চাবি - পর্ব ৪

 



০৪

সাহা স্যারের ক্লাস করতে করতে ‘প্রোপার্টিজ অব হিট’  যতটুকু বুঝতে পেরেছি তাতে জানি - তাপ দিলে পদার্থের পরমাণুগুলির কম্পন বেড়ে যায়। তারা তখন স্বাভাবিক তাপমাত্রায় যতটা ছটফট করতো তার চেয়ে বেশি ছটফট করতে থাকে। সেই তত্ত্ব শুধু মানুষের পরমাণু নয় – সম্পূর্ণ মানুষের উপরও যে কাজ করে তা চোখের সামনেই দেখতে পাচ্ছি। ট্রেনের বগিতে লোকসংখ্যা যত বাড়ছে, বগির ভেতর আগস্ট মাসের ভ্যাপসা গরমও ততোই বাড়ছে। আর এই গরমের মধ্যেই পারস্পরিক দূরত্ব কমাতে হচ্ছে বলে যীশু আর অর্পণের ছটফটানিও তত বাড়ছে। অর্পণ হাতের রুমাল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে রাগে থমথম করছে। আর যীশু একটু পর পর দাঁত্মুখ খিঁচে নিজের মাথার ছোট ছোট চুলধরে টানার চেষ্টা করছে। মনে হচ্ছে চুলগুলি আর একটু লম্বা হলে গোছাশুদ্ধ উপড়ে ফেলতো।

 

এই দু’জনের কেউই ট্রেনে যাতায়াত পছন্দ করে না। ট্রেনে যাবার কথা শুনে যীশু দু’দিন আগেই বলেছিল, “না না, ট্রেনে আমি যাচ্ছি না। যে রকম ‘হাম্বুরি হাম্বুরি’ যায় তাতে ‘বেইন্নাই’ মেজাজ গরম হয়ে যায়। তার চেয়ে বাস অনেক ভালো আমার জন্য।“ অর্পণ দুই হাত শূন্যে তুলে নৃত্যসহকারে যীশুকে সমর্থন করেছিল। কিন্তু আজ তাদের দুজনকেই ঠাসাঠাসি ভীড়ের মধ্যে ট্রেনে যেতে হচ্ছে।

 

আজ অবশ্য অন্য কোন উপায় নেই। বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন ধর্মঘট আজ। অর্পণ-যীশুর মতো আরো অনেক ট্রেন-বিদ্বেষীকেও আজ ট্রেনে যেতে হচ্ছে। তাই এত ভীড়। আমি সকালে ষোলশহরের বদলে বটতলি স্টেশনে গিয়েও সিট পেলাম না। অর্পণ আর যীশুও বটতলি স্টেশনে গিয়েছে আমার একটু পর।

 

শুরুতে বগির ভেতর কিছুটা হাঁটাচলার জায়গা ছিল। ষোলশহর স্টেশনে এসে থামার পর থেকে যে যেভাবে পারে ঠেসে ঢুকে যাচ্ছে। বগির দুপাশের দরজাই খোলা। আমরা যথাসম্ভব দরজার কাছে দাঁড়ানোর চেষ্টা করছি যেন কিছুটা বাতাস গায়ে লাগে। ট্রেনের একদিকে প্লাটফরম – সেদিক থেকে তো উঠছেই, অন্যদিকে রেললাইন ধরে হেঁটে এসেও ট্রেনে উঠছে অনেকে। হঠাৎ “অ্যাই প্রদীপ, অ্যাই” – মনে হচ্ছে অত্যন্ত ক্ষীণকন্ঠে আমার নাম ধরে ডাকছে কেউ। দেখলাম সিঁড়ির কাছে নিচে দাঁড়িয়ে আছে আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা সবচেয়ে চিকন মেয়ে শবনম।

 

“উঠে এসো।“ বললাম বটে, কিন্তু সিঁড়িতে যে দুজন ছাত্রী বসে আছেন তাঁরা উঠে শবনমকে ট্রেনে ওঠার সুযোগ করে দেয়ার ব্যাপারে কোন ইচ্ছা প্রকাশ করলেন না।

 

“আমার ব্যাগটা ধরো” – শবনম চিঁচিঁ করে বললো আবার। সিঁড়িতে উপবিষ্টাদের মাথার উপর দিয়ে হাত বাড়িয়ে শবনমের ব্যাগটা হাতে নিতেই সেটা ঠাস করে লাগলো একজনের মাথায়। ব্যাগটা যে এত ভারী হবে তা আমি চিন্তাও করিনি। তাই হঠাৎ গ্রাভিটি বেশি কাজ করে ফেলেছে। তাতে অবশ্য ভালোই হয়েছে। মাথায় বাড়ি খেয়ে তিনি উঠে দাঁড়িয়েছেন, শবনমও সেই সুযোগে উঠে এলো। ট্রেন ছেড়ে দিলো।

 

“তুমি এদিক দিয়ে কীভাবে এলে?” – শবনমকে প্রশ্ন করলাম।

“আমার বাসা এদিকে। ফরেস্ট কলোনি।“

“ও”

তারপর সে কী বললো তা আর শুনতে পেলাম না। মনে হচ্ছে তার কথার কম্পাঙ্ক ২০ হার্টজের কম, যা আমার শ্রবণ-ক্ষমতার বাইরে। কিন্তু দেখলাম - যে যীশু এতক্ষণ ধরে ট্রেনের বেশি ভীড় আর কম গতির কারণে বিরক্ত ছিল – সে খুব হেসে হেসে গল্প শুরু করে দিয়েছে শবনমের সাথে। শবনমের ইনফ্রাসোনিক সাউন্ড সে কীভাবে শুনছে কে জানে।

 

ইউনিভার্সিটির শাটল ট্রেনে যাতায়াত আমার বেশ ভালোই লাগে। যীশু যেটাকে ‘হাম্বুরি হাম্বুরি’ বা হামাগুড়ি দিয়ে চলা বলছে – সেই আস্তে আস্তে থামতে থামতে ঢিমেতালে চলতে চলতে  দু’পাশের দৃশ্যগুলি মুখস্থ করতে করতে যাওয়া বেশ লাগে আমার। তাছাড়া ট্রেনের ভেতর কত রকমের মজা হয়, তাস খেলা হয়, সুরে-বেসুরে গান চলে, মাঝে মাঝে হাতাহাতি ঠিক না হলেও হাতাহাতির উপক্রম হয়, আর জনতার মাঝেই নির্জনতার সুযোগে মান-অভিমান, রাগ-অনুরাগের পালাও চোখে পড়ে। আর বন্ধুদের সাথে গল্প তো আছেই। সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো ট্রেনটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীতে ভর্তি – সব যাত্রীই কোন না কোনভাবে সতীর্থ।

 

চৌধুরি হাট স্টেশন থেকে প্রদীপ উঠে। অন্যদিন দরজায় দাঁড়িয়ে তাকে হাত দেখাই। আজ ঠাসাঠাসি ভিড়ে সেই সুযোগ নেই। কিন্তু হাত না দেখালেও সে জানে আমি ইঞ্জিনের পরের বগিতে উঠি। সেখানেই উঠবে সে। গলা উঁচু করে দেখলাম প্লাটফরমে সে সেই দূরত্বেই দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম সে সম্ভবত উঠতে পারবে না। কিন্তু না, শাটল ট্রেনে যত ভীড়ই হোক – কীভাবে যেন সবার জায়গা হয়ে যায়। শিক্ষার্থীদের ভেতর এই যে একটা পারস্পরিক সহযোগিতা কাজ করে তা দেখলে বেশ ভালো লাগে। অথচ ক্যাম্পাসে বা হলে রাজনৈতিক মতভিন্নতার ব্যাপারে এক চুলও ছাড় দেয় না কেউ কাউকে।

 

ট্রেন থেকে নেমে দেখলাম একটা বাসও নেই আজ। পরিবহন ধর্মঘটের কারণে সমিতিভুক্ত কোন যানবাহন আজ চলছে না। আমরা হাঁটতে শুরু করলাম।

 

আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটি যে কত বিশাল তার সামান্য একটু ধারণা পেয়েছি ক্লাস শুরু হবার পর এই এক মাসে। প্রদীপ ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট ছিল। এই ক্যাম্পাসে টিচারদের ছেলেমেয়েদের অনেকেই তার বন্ধু। তার কাছ থেকে ক্যাম্পাসের অনেক কিছু চিনতে পেরেছি। এক নম্বর গেট থেকে কয়েক কিলোমিটার ভিতরে বিশ্ববিদ্যালয় ট্রেন স্টেশন। স্টেশনসহ গেটের ভেতরের সবুজ-পাহাড়পর্বতসহ প্রায় সতের শ একর জায়গা নিয়ে এই ক্যাম্পাস। বাংলাদেশের আর কোন ইউনিভার্সিটির এত বড় ক্যাম্পাস নেই। কিন্তু এত বড় ক্যাম্পাসের সামান্য কিছু অংশেই শুধু আমাদের যাতায়াত।

 

রেলস্টেশন থেকে বের হয়ে ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে ঢুকে রাস্তা চলে গেছে ডানদিকে। কিন্তু বামদিকেও একটি সরু পিচঢালা রাস্তা আছে। ওদিকে অনেক স্যার-ম্যাডামের বাসা। সোজাসুজি পাহাড়ের মাঝখানে ছোট্ট পায়ে চলা পাহাড়ি পথ। ওই পথ দিয়ে হেঁটে গেলে বাসের আগেই ফ্যাকাল্টিতে পৌঁছে যাওয়া যায়। আমরা আজ হাঁটছি এই পথে। বৃষ্টির পানিতে রাস্তা ভিজে গেছে। কিছু কিছু জায়গায় কাদা জমে গেছে।  এদিকে এখনো প্রপার কোন রাস্তা হয়নি। তবে ইউনিভার্সিটির মাস্টার প্ল্যানে নাকি এদিকে একটি সংযোগ সড়ক হবার কথা আছে।

 

যেপথে এখন বাস চলে সেই সড়ক ডানদিকে। স্টেশনের কয়েক শ মিটার পরেই শাহজালাল হল। লাল ইটের তৈরি এই হলটি অনেক বড়। শাহজালালের পাশেই শাহ আমানত হল। এই হলটিও অনেক বড়। পাঁচ তলা আধুনিক বিল্ডিং-এর একটা অংশ একেবারে রাস্তার পাশে এসে পৌঁছেছে। হলের সামনে রাস্তার অন্যপাশে গড়ে উঠেছে সারি সারি দোকান। বেশিরভাগই রেস্টুরেন্ট। হলের ছাত্রদের আনাগোনা এখানে লেগেই থাকে। সকালে বাসে যাবার সময় দেখা যায় সারি সারি টুল-টেবিলের কোনটাই খালি নেই। খাবারের প্লেট সামনে নিয়ে অনেকেই তাকিয়ে থাকে চলন্ত বাসের জানালার দিকে।

 

আমানত হলের পর রাস্তার বামপাশে অনেকটা খালি জায়গা। সেখানে সবুজ ঘাস, মাঝে মাঝে কয়েকটা ছোট্ট গাছ – মনে হয় কিছুদিন আগেই মাত্র লাগানো হয়েছে। এখানে রাস্তা ঘুরে গেছে বামে। ডানপাশে সোহরাওয়ার্দী হল। বেশ কয়েকটি সাদা রঙের দোতলা বিল্ডিং পাশাপাশি দাঁড়িয়ে আছে। হলগুলির মধ্যে মনে হয় এই হলটিই সবচেয়ে ছোট। ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকেই কোন না কোন হলের সাথে সংযুক্ত থাকতে হয়। আমি কেন সোহরাওয়ার্দী হলের সাথে সংযুক্ত হয়েছি জানি না।

 

সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে রাস্তা চলে গেছে আরো ভেতরের দিকে। সেদিকে  এ এফ রহমান হল, এবং আলাওল হল এবং ইউনিভার্সিটি কলেজ, খেলার মাঠ, মেডিক্যাল সেন্টার এবং ভিসির কার্যালয় ও প্রশাসনিক ভবন। ক্যাম্পাসের যেসব বাসে আমরা চড়ি – সেই বাসগুলির কোনটাই এদিকে যায় না। সেগুলি সোহরাওয়ার্দী হলের সামনে এসে বামে মোড় নিয়ে সোজা চলে যায়। দুপাশে খালি সবুজ মাঠ পেরিয়ে পৌঁছে যায় শহীদ মিনারের সামনে।

 

আজ আমরা পাহাড়ের ভেতর দিয়ে হেঁটে চলে এলাম শহীদ মিনার চত্বরে। শহীদ মিনারের চত্বরটা বেশ সুন্দর। লাল ইটের তৈরি শহীদ স্তম্ভ দেখলে মনে হয় ছোপ ছোপ রক্ত লেগে আছে সেখানে – যে রক্তের উত্তরাধিকার আমরা বহন করছি। শহীদ মিনার থেকে বাম দিকের রাস্তা চলে গেছে শামসুন্নাহার হলের দিকে। তারও পরে বোটানিক্যাল গার্ডেন। একদিন যেতে হবে বোটানিক্যাল গার্ডেনে।

 

শহীদ মিনার থেকে সোজা হেঁটে চলে এলাম চাকসু ভবনে। সায়েন্স ফ্যাকাল্টিতে যাবার রাস্তায় তিন তলা সাদা ভবনটি বেশ সুন্দর। চাকসু ভবন, কিন্তু চাকসুর নির্বাচন হচ্ছে না অনেক বছর ধরে। ক্যাম্পাসের প্রায় সবকিছুই এখন জাতীয় ছাত্রসমাজের দখলে। নিচের তলায় ডানদিকে ক্যাফেটরিয়া, বামদিকে অনেকগুলি টেবিল চেয়ার নিয়ে বসার জায়গা, আর ছাত্রদের টয়লেট।

 

ক্যাফেটরিয়ায় ঢুকলাম সবাই মিলে। আজ বাস নেই বলে এখনো তেমন ভীড় হয়নি। অন্যদিন এতক্ষণে লম্বা লাইন হয়ে যায়। এখানে খাবারের দাম তুলনামূলকভাবে কম। সকালে সিঙাড়া আর কেক পাওয়া যায়। দুপুরে ভাত আর মাংস অথবা মাছ। খাবারের মান হলের খাবারের মতোই। তবে খাবার বেশ গরম গরম পাওয়া যায়, কোন বাসী খাবার থাকে না। একটা নির্দিষ্ট পরিমাণে তৈরি করা হয়, এবং আগে এলে আগে পাবেন ভিত্তিতে ঐটুকুই বিক্রি করা হয়। কাউন্টার থেকে দাম দিয়ে সিঙাড়ার টিকেট নিয়ে ডেলিভারি কাউন্টার থেকে ট্রে-তে সিঙাড়া নিয়ে গিয়ে বসলাম বাম দিকের রুমে। টয়লেটে যেতে হবে।

 

আজ টয়লেটেও তেমন ভীড় নেই। কিন্তু এত সকালেও তীব্র ঝাঁজালো দুর্গন্ধে বমি আসার জোগাড়। এত বড় বিশ্ববিদ্যালয়, অথচ এখানে ছাত্রদের একটা টয়লেটও ঠিকমতো পরিষ্কার করা হয় না। ছাত্রীদের টয়লেটগুলির কী অবস্থা জানি না। তবে সেগুলির অবস্থাও যে খুব একটা ভালো হবে তা আশা করা যায় না। ইউনিভার্সিটিতে যতজন শিক্ষক আছেন, তার তিনগুণ আছেন কর্মচারী। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের শক্তিশালী সংগঠন আছে তাঁদের স্বার্থ দেখার জন্য। কিন্তু তাঁদের কাজ দেখার জন্য কেউ আছেন বলে মনে হয় না। ফ্যাকাল্টির টয়লেটগুলিতে ঢুকলে মনে হয় এগুলি তৈরি হবার পর থেকে একবারও কেউ পরিষ্কার করেনি। অথচ ইউনিভার্সিটিতে যতগুলি টয়লেট আছে, সুইপার পদে লোক আছে  তার চেয়েও বেশি।

 

মোবাশ্বের স্যারের ক্লাস-টেস্ট আছে আজ। তিনি বলেছেন যে কোনদিন যে কোন ক্লাসে তিনি পরীক্ষা নিতে পারেন। পরীক্ষার ফরম্যাট লিখিত কিংবা মৌখিক যে কোনটাই হতে পারে। মোবাশ্বের স্যারের ক্লাসে খুব ভয়ে ভয়ে থাকি আমি। এর আগে দু’দিন তাঁর প্রশ্নের উত্তর দিতে পারিনি। উত্তর দিতে না পারলে তিনি ক্লাসের এক কোণায় দাঁড় করিয়ে রাখেন। এরকম শাস্তি মনে হয় এখন স্কুলেও দেয়া হয় না। আজ কী অবস্থা হবে কে জানে। রেজনিক হ্যালিডে’র বই থেকে থার্মোডায়নামিক্স পড়াচ্ছেন তিনি। আর্টস ফ্যাকাল্টির কোণায় অগ্রণী ব্যাংকের সামনে একটা ছোট্ট বইয়ের দোকান আছে। বেশিরভাগই পুরনো বই। সম্ভবত তিনি পুরনো বইয়ের বেচা-কেনা দুটোই করেন। সময় পেলেই ওখানে ঢু মেরে আসি – যদি কোন দরকারি বই পাওয়া যায়। রেজনিক হ্যালিডে পার্ট-ওয়ান পেয়েছি কয়েকদিন আগে। বই কিনতে যেরকম উৎসাহ থাকে, বই খুলে পড়তে গেলে সেই উৎসাহ কোথায় যেন পালিয়ে যায়। ফিজিক্স তো এমনিতেই জটিল, ইংরেজিতে লেখা ফিজিক্স আরো জটিল মনে হয়। আর যখন মনে হয় মোবাশ্বের স্যার প্রশ্ন জিজ্ঞেস করবেন – তখন পুরো ব্যাপারটা আরো জটিল হয়ে ওঠে।

 

“কী রে, পকেটে কী? সিগারেট নাকি?”

মোবাশ্বের স্যার ক্লাসে ঢুকেই  সবার পকেট চেক করতে শুরু করেছেন।

“পড়াশোনার নাম নেই, সুযোগ পেলেই বিড়ি ফোক” বলতে বলতে ফারুকের শার্টের পকেটে হাত ঢুকিয়ে “ইউরেকা” টাইপের উল্লসিত হয়ে কিছু একটা বের করে এনে চোখের সামনে ধরলেন। একটা সাদা বেলী ফুল। নিউট্রন জেনারেটর বিল্ডিং-এর সামনে অনেক বেলী ফুটে আছে। ফারুক ওখান থেকে একটা তুলে পকেটে রেখেছিল। বেলীর গন্ধটা খুব ভালো লাগে। আমার পকেটেও একটা আছে। বিড়ির বদলে বেলী দেখে মনে হলো খুব হতাশ হয়ে গেছেন মোবাশ্বের স্যার। বিরক্ত স্বরে বললেন, “পকেটে ফুল নিয়ে ঘুরছো মেয়েদেরকে দেয়ার জন্য? কোন লাভ নেই। ফুল দিয়ে লাভ হয় না আজকাল।“ আমি শুনলাম ফুল দিয়ে LOVE হয় না আজকাল। পকেটের ফুলটাকে এখন কোথায় লুকাই?

স্বপ্নলোকের চাবি - পর্ব ৩

 



০৩

“হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে…”

দল বেঁধে ক্লাসে ঢুকেই কবিতা পেয়ে গেলো ফারুকের। অনেক কবিতা তার মুখস্থ। যখন তখন কবিতা বের হয় তার মুখ দিয়ে।  তার মাথাভর্তি ঝাঁকড়া চুল, বিশাল শরীর, আর উচ্চস্বরের হাসির সাথে পদার্থবিজ্ঞান ঠিক মেলে না। পদার্থবিজ্ঞানের আদর্শ ছাত্রদের যে গাম্ভীর্য আমরা মোবাশ্বের স্যারের বর্ণনায় পাই, তার একটুও দেখা যায় না ফারুকের মধ্যে। অবশ্য এ ক’দিনে আমরা যারা সহপাঠী থেকে বন্ধু হয়ে গিয়েছি তাদের কারো মধ্যেই কি আছে সেই ‘আদর্শ গাম্ভীর্য’? যীশু, মৃণাল, আরিফ, হাবিব, আশফাক, মামুন, স্বপন, শাকিল, মিজান, হাফিজ, ইকবাল – কেউই গম্ভীর নয়। ক্লাসে আরো একজন প্রদীপ আছে –গম্ভীর তো নয়ই, বরং আমার মতোই হাসির রোগ আছে তারও। প্রচন্ড ভাবগম্ভীর পরিবেশেও হাসি পেয়ে যায় আমাদের। এই যেমন - ফারুকের উদাত্ত গলায় “হায় চিল, সোনালী ডানার চিল, এই ভেজা মেঘের দুপুরে” বলার সাথে সাথেই যীশু চেঁচিয়ে উঠলো “হায় কাক, কালো পাখনার কাক, কা কা করো রে।” আর আমরা হেসে উঠলাম উচ্চস্বরে। সেই হাসি থামলো বেশ কিছুক্ষণ পর – যখন ক্লাসে একজন নতুন স্যার ঢুকলেন।

 

প্রায় ছয় ফুট লম্বা, নীল জিন্‌স আর কালো টি-শার্টে নুরুল ইসলাম স্যারকে ‘লাভ ইন সিঙ্গাপুর’ সিনেমার নায়ক মাহমুদ কলির মতো লাগছে। মোবাশ্বের স্যার যে কথাগুলি বলেছিলেন - ফিজিক্স এমন একটা সাবজেক্ট যা শরীরের রসকষ সব নিংড়ে নিয়ে তোমাকে ছোবড়া করে দেবে – তার কোন প্রমাণ পাচ্ছি না নুরুল ইসলাম স্যারকে দেখে। প্রামাণিক স্যার প্রথম ক্লাসেই যেরকম ঝড়ের বেগে সমীকরণের পর সমীকরণ লিখে খটমট ম্যাথম্যাটিক্যাল ফিজিক্সকে যেরকম ভয়াবহ করে তুলেছিলেন, নুরুল ইসলাম স্যার এসে আমাদের সেই ভয় অনেকটাই কাটিয়ে দিলেন। শুরু করলেন ভেক্টর অ্যান্ড টেনসর এনালাইসিস দিয়ে।

 

পদার্থবিজ্ঞানের ভাষা হলো গণিত। কিন্তু বড় বড় গাণিতিক সমীকরণের মূল পদার্থবিজ্ঞানের নীতি যদি বোঝা না যায়, তাহলে সমীকরণগুলি হয়ে পড়ে অর্থহীন। ফিজিক্স আর ম্যাথম্যাটিক্সের মূল সংযোগটা ধরিয়ে দেয়াই ম্যাথম্যাটিক্যাল ফিজিক্সের মূল উদ্দেশ্য। কিন্তু এই মূল কাজটি আমার জন্য মোটেও সহজ ছিল না। নুরুল ইসলাম স্যারের পড়ানোর স্টাইল এই জটিল কাজটি অনেক সহজ করে দিলো। অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, ক্রস প্রডাক্ট ইত্যাদি বোঝানোর জন্য শুধু বোর্ডে বড় বড় সমীকরণ লিখেই দায়িত্ব শেষ করলেন না, বোঝানোর  সময় এক পায়ে দাঁড়িয়ে লাটিমের মতো ঘুরে গেলেন। স্যারের কাজকর্ম দেখে মনে হলো – কিছু কিছু ব্যাপার যেন বুঝতে পারছি। স্যার যখন চট্টগ্রামের আঞ্চলিক উচ্চারণে জিজ্ঞেস করলেন, “বুঝিত ফাইজ্জো?” – আমরা হেসে উঠলাম। স্যারও হেসে উঠলেন। আমরা নুরুল ইসলাম স্যারের ভক্ত হয়ে গেলাম।

 

আমাদের ফার্স্ট ইয়ারের তিনটি পেপারের জন্য সপ্তাহে তিনটি করে মোট নয়টি অনার্স ক্লাস। ফার্স্ট পেপার – ম্যাথম্যাটিক্যাল ফিজিক্সের দুটো ক্লাস নিচ্ছেন নুরুল ইসলাম স্যার, অন্য একটি ক্লাস প্রামাণিক স্যারের। সেকেন্ড পেপার - প্রোপার্টিজ অব ম্যাটার অ্যান্ড সাউন্ড।  প্রোপার্টিজ অব ম্যাটারের দুটো ক্লাস আর সাউন্ডের একটি। থার্ড পেপার - হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্সের দুটো ক্লাস, আর হিট সপ্তাহে একটি ক্লাস। বেশ নিয়মিত ক্লাস হচ্ছে। একেক স্যারের ব্যক্তিত্ব, পড়ানোর স্টাইল একেক রকম।

 

প্রপার্টিজ অব ম্যাটারের একটি টপিক পড়িয়েছিলেন দেবপ্রসাদ পাল স্যার। বেশ হাসিখুশি স্নিগ্ধ ব্যক্তিত্বের তরুণ দেবপ্রসাদ স্যারের পড়ানোর পদ্ধতি খুব ইফেক্টিভ এবং আকর্ষণীয় ছিল। কিন্তু কয়েকদিন পরেই স্যার বিদেশে চলে যান পিএইচডি করার জন্য। তাঁর পরে প্রপার্টিজ অব ম্যাটার পড়ানোর জন্য এলেন ফরাজী কামাল স্যার। প্রথম ক্লাসেই আমরা বুঝে গেলাম এমন প্রাণবন্ত শিক্ষক খুবই দুর্লভ। বোঝানোর কী দুর্দান্ত স্টাইল। যে টপিক পড়াচ্ছেন, সেটা বোঝার জন্য আমাদের যা যা জানা দরকার তার সবই বুঝিয়ে দিচ্ছেন। স্যারের হাতের চক-ডাস্টার ব্ল্যাকবোর্ডের উপর যেন জাদু দেখাচ্ছে। প্রতিটি সমীকরণ যেন জীবন্ত হয়ে উঠছে স্যারের বিশ্লেষণে। স্যারের ক্লাসে আমরা এতটাই মনোযোগী হয়ে গেলাম যে পঁয়তাল্লিশ মিনিট সময় কীভাবে চলে গেল টেরই পেলাম না।

 

বিভিন্ন স্যারের ক্লাস করার পর বুঝতে পারছি কোন সাবজেক্ট ভালোলাগা কিংবা খারাপলাগার অনেকটুকুই নির্ভর করে সেই সাবজেক্ট কীভাবে পড়ানো হচ্ছে তার উপর। একজন মানুষ অন্য একজন মানুষকে না বুঝেই হয়তো ভালোবাসতে পারে, কিন্তু ফিজিক্সের কিছু না বুঝেই ফিজিক্স ভালোবাসবে এমন সম্ভাবনা একেবারেই নেই বলা চলে। মনে হচ্ছে ফিজিক্সের কিছু কিছু টপিক ভালো লাগতে শুরু করেছে।

 

থার্ড পেপারের হিট পড়াচ্ছেন এস কে সাহা স্যার। তাঁর পুরো নাম  যে সরিৎ কুমার সাহা, তা বের করতে দু’দিন সময় লেগেছে আমাদের। প্রেমাংকর সরকার এ ব্যাপারে খুব দক্ষ।  স্যারদের ব্যাপারে তথ্য জোগাড় করতে ওস্তাদ লোক সে। প্রেমাংকরের কল্যাণে আমরা স্যারের পুরো নাম শুধু নয়, স্যার সম্পর্কে আরো অনেক কিছু জানলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎ কুমার সাহা স্যারের বড় ভাই। আমাদের প্রামাণিক স্যারের স্যার হলেন এস কে সাহা স্যার। ডিপার্টমেন্টের শুরুতে যে চার জন স্যার যোগ দিয়েছিলেন, সাহা স্যার তাঁদের একজন।

 

সাহা স্যারের সবকিছুই খুব পরিপাটি । স্যারের পোশাক পরিপাটি, পড়ানোর স্টাইল পরিপাটি। স্যার নিজে যেমন সুদর্শন, তাঁর উচ্চারণ আর বাচনভঙ্গিও সেরকম সুন্দর। স্যারের ব্যক্তিত্ব এত প্রখর যে স্যারের চোখের দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি লাগে। স্যারের হাতে হাতেলেখা নোট। ক্লাসের বিশাল ব্ল্যাকবোর্ডের প্রায় পুরোটাই ভরে উঠে ছোট ছোট অক্ষরে স্যারের সুন্দর হস্তাক্ষরে। ব্ল্যাকবোর্ডে এত ডিটেইল লিখতে আর কোন স্যার-ম্যাডামকে আমি দেখিনি। হাতের পুরো নোটই বোর্ডে লিখতেন সাহা স্যার। আমরা বোর্ড থেকে কপি করতে করতে অনেক সময়ই স্যারের কথার দিকে মন দিতে পারতাম না। ফলে ক্লাসের পড়া ক্লাসেই বোঝা হয়ে যেতো না। বরং জমতে জমতে পরে অনেক বড় বোঝা হয়ে দাঁড়াতো আমাদের জন্য।

 

এপর্যন্ত মোবাশ্বের স্যার ছাড়া আর কোন স্যারই নিজেদের লেখাপড়া কিংবা গবেষণা সম্পর্কে কোন কিছুই বলেননি ক্লাসে। আমরা স্যারদের সম্পর্কে যেটুকু জেনেছি তা কোন সুনির্দিষ্ট উৎস থেকে নয়, বরং ক্যাম্পাসে প্রচলিত বিভিন্ন গুজব কিংবা ধারণা থেকে। মোবাশ্বের স্যারও নিজের সম্পর্কে যেটুকু বলেছেন তাও খুব একটা উৎসাহজনক নয়। তিনি বলেছেন সোভিয়েত ইউনিয়নের তাসকন্দ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে তাঁকে এত বেশি পরিশ্রম করতে হয়েছে যে তাঁর ভেতরের সব ‘রসকষ নিংড়ে ছোবড়া করে ছেড়ে দিয়েছে’। এটুকুই। এসব শুনলে পদার্থবিজ্ঞানের প্রতি কারো ভালোবাসা জন্মাবে? কিন্তু ফিজিক্সের প্রতি আমাদের ভালোবাসা জন্মালো কি জন্মালো না তাতে কোন স্যারেরই কিছু যায় আসে বলে মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে, আমরা নিজেদের ইচ্ছেয় ফিজিক্স পড়তে এসেছি, এখানে টিকে থাকার দায়িত্ব আমাদের নিজেদের। অথচ আমরা যে ফিজিক্স সম্পর্কে অনেক কিছু জেনে এবং বুঝে ফিজিক্সে ভর্তি হয়েছি তা নয়। অনেকে ভর্তি হয়েছি এখানে চান্স পেয়েছি বলে। আমাদের বেশিরভাগেরই ফিজিক্সে ভর্তির ঘটনা যতটুকু বাই চয়েজ, তার চেয়েও বেশি বাই চান্স।

 

“আচ্ছা, সাহা স্যার যে বইটার রেফারেন্স দিয়েছেন, সেটা কি স্যারের নিজের লেখা?” – সরোজের প্রশ্নে একটু অবাক হলাম। আমরা এসেছি দুপুরের খাবার খেতে সোহরাওয়ার্দীর মোড়ের ক্যান্টিনে। প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে আজ থেকে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস বিকেলে। সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের সাথে আর্টস বা কমার্স ফ্যাকাল্টির প্রধান পার্থক্য হলো – সায়েন্সের স্টুডেন্টরা ক্যাম্পাসেই সূর্যাস্ত দেখে, আর বাকিরা দেখে না। থিওরি ক্লাসের পর ঘন্টাখানেক সময় পাওয়া যায় প্র্যাকটিক্যাল ক্লাসের আগে। সেই সময়ের মধ্যে দুপুরের ভাত খেয়ে আবার ডিপার্টমেন্টে হাজির হওয়া। যারা হলে থাকে – তাদের অনেক সুবিধা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারে। আমাদের এখনো সেই সুযোগ নেই। হলগুলির সামনের রাস্তায় অনেকগুলি রেস্টুরেন্ট আছে পাশাপাশি। কিছু প্রাইভেট ক্যান্টিনও আছে। সোহরাওয়ার্দী হলের কাছে রাস্তায় এই ক্যান্টিনটি বেশ বড় এবং পরিচ্ছন্ন। আলো-বাতাস প্রচুর বলে এখানেই আসি আমরা। যীশু, প্রদীপ, সরোজ, শিমুল, মুরাদ, কফিল আর আমি এসেছি।

 

“কোন্‌ বই?” – প্রদীপ প্রশ্ন করলো। আমি আর প্রদীপ একে অপরকে যখন নাম ধরে ডাকি – তখন মনে হয় নিজেই নিজেকে ডাকছি। বেশ মজাই লাগে। ক্লাসে আমাদেরকে আলাদাভাবে চেনার জন্য নাম দেয়া হয়েছে ‘লম্বা প্রদীপ’ আর ‘বেঁটে প্রদীপ’।

“হিট এর বই? সাহা অ্যান্ড শ্রীবাস্তব?”

“হ্যাঁ, এটা কি সাহা স্যারের নিজের লেখা বই?”

সরোজের এ প্রশ্ন করার সঙ্গত কারণ আছে। সাহা স্যার এই বইয়ের রেফারেন্স দিয়েছেন। কিন্তু বলে দিতে পারতেন এই বইয়ের লেখক এম এন সাহা কে। এই বইটি আমি কিছুদিন আগে কিনেছি অমর বইঘর থেকে। রেলওয়ে স্টেশনের সামনে উজালা সিনেমার পাশেই পুরনো বইয়ের দোকান অমর বইঘর – আমার নিয়মিত গন্তব্যের একটি। এম এন সাহা সম্পর্কে আমি কিছুটা জেনেছি এই বইয়ের লেখক পরিচিতি পড়ে। এম এন সাহা – মেঘনাদ সাহা আমাদের বাংলাদেশের সন্তান, কত বড় পদার্থবিজ্ঞানী – সে সম্পর্কে আমাদের জানানো কি স্যারদের দায়িত্ব নয়? শুধু সিলেবাসে যা আছে তার বাইরে কি কিছুই বলার নিয়ম নেই?

 

ক্যাম্পাসের বেশিরভাগ ছেলেমেয়ে যখন দেড়টার ট্রেনে শহরে চলে যাবার জন্য স্টেশনের দিকে যাচ্ছে, তখন আমরা প্র্যাকটিক্যাল করার জন্য ক্যাম্পাসে যাচ্ছি। সোহরাওয়ার্দীর মোড়ের শিরীষ গাছগুলি অনেক বড় হয়েছে। জুলাই মাসের গরমেও তাদের নিচে ছায়া, কিছু আরামদায়ক বাতাস। এসময় ক্যাম্পাসের দিকের বাসগুলি প্রায় খালিই থাকে। বাস আসতে একটু দেরি হচ্ছে। কফিল হঠাৎ বললো, “তোরা যা, আমি চলে যাচ্ছি।“

“প্র্যাকটিক্যাল করবি না?“

“না দোস্ত। তোদের সাথে আর ক্লাস করা হবে না।“

“ফিজিক্স ছেড়ে দিচ্ছিস?”

“হুঁ। ইঞ্জিনিয়ারিং-এ চান্স পেয়েছি।“

“খাওয়াদাওয়ার পরে বললি শয়তান?”

 

হাসতে হাসতে চলে গেল কফিল। তার সাথে আমার আর দেখা হয়নি কোনদিন। ইঞ্জিনিয়ারিং কলেজ সবেমাত্র বি-আই-টি হয়েছে। ভর্তিপরীক্ষা আমিও দিয়েছিলাম। ওয়েটিং লিস্টেও আসিনি। কফিলকে সারাদিন ক্লাস করতে দেখে ভেবেছিলাম সেও টিকেনি। কিন্তু সে ইউনিভার্সিটিতে এসে বলে গেলো, বিদায় নিয়ে গেলো, তাতেই বেশ ভালো লাগছে।

 

আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস তিনতলায়। রুম খোলার পর সবাই হুড়মুড় করে রুমে ঢুকলাম। কী করতে হবে কোন ধারণা নেই। বেশ বড় বড় উঁচু প্র্যাকটিক্যাল টেবিল। দুইটি পাশাপাশি রুমের মাঝখানের দরজা দিয়ে আসাযাওয়া করা যায়। রুমের সাথে লাগানো একটি ছোট রুমে টেবিল নিয়ে বসে আছেন একজন। ভাবলাম ডেমন্সট্রেটর। কিন্তু না, তিনি যন্ত্রপাতি দেবেন। কিন্তু আগে প্র্যাকটিক্যাল গ্রুপ তোইরি করতে হবে পাঁচ ছয় জনের।

 

যীশু, প্রদীপ, হাবিব, সাইদ, অর্পণ আর আমি এক গ্রুপে। সিলেবাসে ২২টি প্র্যাকটিক্যাল আছে ফার্স্ট ইয়ারে। তার মধ্যে আঠারোটির যন্ত্রপাতি আছে। আমাদেরকে এই আঠারোটি প্র্যাকটিক্যালের সবগুলিই করতে হবে। এক সপ্তাহে একটি করে। একেক সপ্তাহে একেক গ্রুপ একেকটি প্র্যাকটিক্যাল করবে। তার মানে ১৮টি গ্রুপ করা যাবে পুরো ক্লাসে। সিস্টেমটা ভালো। কিন্তু সবকিছু বুঝতে এবং গ্রুপ করতে এবং যন্ত্রপাতি নিতে নিতে আমরা এতই হৈ চৈ করতে শুরু করলাম যে একটু পরে চিৎকার চেঁচামেচির মধ্যে কেউ কারো কথা শুনতে পাচ্ছিলাম না। ফলে আরো জোরে জোরে কথা বলতে শুরু করলাম। বদ্ধ রুমের ভেতর মনে হচ্ছে সার্কাস চলছে। হঠাৎ প্রচন্ড গর্জন শোনা গেল – “শাট আপ”। আমার হাতে একটি তামার ক্যালরিমিটার ছিল। গর্জনের চোটে সেটা হাত থেকে মেঝেতে পড়ে তাম্রনাদ করে উঠলো। আরো জোরে আরেকটি গর্জন শোনা গেল – “শাট আপ আই সে।“

এভাবেই আমাদের প্রথম পরিচয় হলো ফিজিক্স ডিপার্টমেন্টের রাফ অ্যান্ড টাফ আদম শফিউল্লাহ স্যারের সাথে।

স্বপ্নলোকের চাবি - পর্ব ২




০২


আজ ফিজিক্সের প্রথম ক্লাস হচ্ছে। ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়েছে দু’দিন আগে। প্রথম দিন অনার্সের ক্লাস ছিল না, সাবসিডিয়ারি ক্লাস হয়েছিল একটা।

 

দ্বিতীয় দিন ছিল ছাত্র-ধর্মঘট। এই বিশ্ববিদ্যালয়ে এখন এরশাদপন্থী জাতীয় ছাত্রসমাজের রাজত্ব চলছে। শুনেছি হলগুলি সব তাদের দখলে। ক্যাম্পাসে অন্য কোন দলের টুঁ শব্দ করার উপায় নেই। লীগ, দল, ইউনিয়ন, শিবির সবার দৌড় শহরের রেলস্টেশন পর্যন্ত। তাদের ডাকা ধর্মঘটের সর্বোচ্চ ফল হলো শাটল ট্রেন বন্ধ। তাই কাল আসতে পারিনি।

 

সায়েন্স ফ্যাকাল্টির দোতলা ও তিন তলায় ফিজিক্স ডিপার্টমেন্ট। কিন্তু ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি পার হয়ে রীতিমতো জঙ্গলের মধ্যে একটা একতলা ভবনে। এই ভবনের নাম নিউট্রন জেনারেটর বিল্ডিং। এই বিল্ডিং-এর পরেও ইউনিভার্সিটির আরো বিল্ডিং আছে।  ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আরো ভেতরে, আরো গভীর অরণ্যে। ফরেস্ট্রির পাশেই মেরিন সায়েন্স। সে হিসেবে মনে হচ্ছে নিউট্রন জেনারেটর বিল্ডিং-এর ভৌগোলিক অবস্থানকে খুব একটা গভীর জঙ্গল বলা চলে না।

 

লাল ইটের তৈরি একতলা নিউট্রন জেনারেটর বিল্ডিং-এর ঠিক কোথায় নিউট্রন জেনারেট করা হয় জানি না। নিউট্রন জেনারেট করতে গেলে কী ধরনের জেনারেটর লাগে সে সম্পর্কেও কোন ধারণা নেই। ফিজিক্সের কোন্‌ ইয়ারে এই ধারণা পাবো তাও জানি না। তবে ফার্স্ট ইয়ারেই এরকম একটা বিল্ডিং-এ ক্লাস করতে এসে বেশ অন্যরকম লাগছে। বিল্ডিং-এর সামনে ছোট্ট ইট বিছানো পথ। তার দুপাশে ফুলের বাগান। সেখানে বেশ কিছু নীলচে নয়নতারা দেখা যাচ্ছে। বিল্ডিং-এর মাঝখানে প্রশস্ত করিডোর কিছুটা অন্ধকার ছায়াময়। করিডোরের ডানদিকের প্রথম রুমেই আমাদের ক্লাস।

 

ক্লাসরুমটা বেশ বড়, অনেকটা বর্গাকার। দু’পাশে জানালাহীন দেয়াল, আর অন্য দু’পাশে বেশ বড় বড় শিকওয়ালা জানালা। পেছনের দিকের জানালা দিয়ে তাকালেই চোখে পড়ে সবুজ বুনোঝোপে ভর্তি পাহাড়। মনে হয় পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই বিল্ডিং। এই সকালের রোদ পাহাড়ের গায়ে লেগে ফিরে যাচ্ছে বাইরে, রুমের জানালা দিয়ে খুব বেশি ঢোকার সুযোগ পাচ্ছে না। অন্যদিকের জানালা বারান্দার সাথে লাগানো। সেদিকে ঘঁষা কাচের মতো বিক্ষিপ্ত রোদ।

 

রুমে ঢুকে দেখলাম সাত আটজন মেয়ে বসে আছে দেয়ালের পাশের কয়েকটা বেঞ্চে। ফিজিক্সের এক শ শিক্ষার্থীর মধ্যে কতজন মেয়ে ভর্তি হয়েছে এখনো জানি না। তবে কেমিস্ট্রি, বোটানি কিংবা জুলজি’র চেয়ে ফিজিক্সে মেয়েদের সংখ্যা অনেক কম। গণিতে আরো কম। আমাদের ব্যাচে মাত্র তিনজন মেয়ে ভর্তি হয়েছে গণিতে।

 

ছেলেরা রুমের ভেতর বিক্ষিপ্তভাবে চলাফেরা করছে। টিচার আসার আগে ক্লাসের ভেতর উদ্দেশ্যহীন মুক্তচলাচল এবং মুক্তআলোচনা উভয়ই চলে। এখানেও তার ব্যতিক্রম নেই। আমি পারতপক্ষে ফার্স্ট বেঞ্চে বসি না। ক্লাসের ফার্স্ট বেঞ্চ এবং লাস্ট বেঞ্চের দিকে টিচারদের নজর বেশি থাকে বলে আমার ধারণা। এই দুই অঞ্চলকে বলা চলে টিচারদের টার্গেট জোন। এই টার্গেট জোনের বাইরে ক্লাসরুমের মাঝামাঝি একটা নিরপেক্ষ অঞ্চল বেছে নিয়ে বসলাম। আশেপাশে পারস্পরিক পরিচয়ের আদানপ্রদান সংক্রান্ত মিথস্ক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় অংশ না নিয়ে আমি পর্যায় সারণির সর্বডানের কলামের নিষ্ক্রিয় গ্যাসগুলির মতো বসে রইলাম। অনেকক্ষণ পর - এপর্যন্ত ক্লাসের যে দু’জনের সাথে আমার পরিচয় হয়েছে – কফিল এবং অর্পণ – তারা রুমে ঢুকলো আরো অনেকের সাথে। কফিল আমার বেঞ্চে বসতে বসতে বললো, “তুই কি বাসে এসেছিস? ভালো করেছিস। ট্রেন অনেক লেট করেছে আজ। তুই কি জানতি যে ট্রেন লেট করবে?”

“আরে না। আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি। ট্রেন মিস করবো ভেবেই ষোলশহর না গিয়ে সরাসরি মুরাদপুর চলে গিয়েছিলাম। হাটহাজারির বাসে এসেছি।“

 

বাসে এলে ট্রেনের আগে আসা যায়। হাটহাজারির বাসে না উঠে রাউজান বা রাঙ্গামাটির বাসে উঠতে পারলে আরো আগে আসা যায়। তবে রাঙ্গামাটির বাসে সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে আসতে হয়।

 

“এখন কোন্‌ স্যারের ক্লাস জানো?” – প্রশ্নকর্তা আমার সামনের বেঞ্চে বসে ঘাড় ফিরিয়ে প্রশ্ন করেছে। একটু পরেই তার সাথে পরিচয় হলো – আরিফ সাঈদ সুমন। একটু পরেই বারান্দায় যারা ঘুরাঘুরি করছিলো তারা সবাই দ্রুত রুমে ঢুকে গেলো। স্যার আসছেন।

 

এক হাতে ক্লাস রেজিস্টার ও চক-ডাস্টার, এবং অন্য হাতে লম্বা ছাতা নিয়ে প্রবেশ করলেন একজন মধ্যবয়স্ক অধ্যাপক। সাদা চিকন চেকের হাফশার্ট আর ধূসর ঢোলা প্যান্ট। গম্ভীর মুখ - চৌকো ও নির্মেদ। প্রশস্ত কপাল, ব্যাকব্রাশ করা পাতলা চুল। আপাতদৃষ্টিতে নিতান্তই সাধারণ একজন মানুষ। কিন্তু সোনালী ফ্রেমের চশমার ভেতর দিয়ে তাঁর চোখের দৃষ্টি গভীর এবং স্বচ্ছ।

 

“ফার্স্ট ইয়ারের ক্লাস তো? – গলার স্বর খুব একটা স্পষ্ট নয়। মনযোগ দিয়ে না শুনলে বুঝতে সমস্যা হতে পারে। সামনের বেঞ্চের অনেকেই এক সাথে উত্তর দিলো, জ্বি স্যার।

 

স্যার আর কোন কথা না বলে রেজিস্টার খুলে রোল কল করতে শুরু করলেন। শুনেছি ক্লাসে উপস্থিতি খুব দরকারি বিষয়। কলেজেও খুব দরকারি বিষয় ছিল। নন কলেজিয়েট, ডিস-কলেজিয়েট ব্যাপারগুলি সেখানেও ছিল। পরীক্ষার ফরম পূরণের সময় সেগুলি দেখা হতো। দেখেছি অনেকে সারাবছর কোন ক্লাস না করেও ফরম পূরণের সময় বিশেষ বিশেষ ব্যক্তিকে টাকা দিয়ে সব ঠিক করে নেয়। ইউনিভার্সিটিতে এসেও দেখি একই ব্যবস্থা। একজন শিক্ষার্থী সবগুলি ক্লাস করলেই যে সবকিছু বুঝতে পারবে, পরীক্ষায় পাস করতে পারবে এমন কোন নিশ্চয়তা কি আছে? আবার কেউ কোন ক্লাস না করেও নিজে নিজে পড়ে সিলেবাস কভার করে পাস করতে পারবে না, এমন নিয়মও নেই। তাহলে শুধু শুধু ক্লাসে উপস্থিতির হিসেবের পেছনে প্রত্যেক ক্লাসে দশ পনেরো মিনিট সময় নষ্ট করার কোন দরকার আছে? পয়ঁতাল্লিশ মিনিটের একটি ক্লাস থেকে পনেরো মিনিট চলে যাওয়া মানে তিন ভাগের এক ভাগ সময় নষ্ট হওয়া।

 

“আমি প্রফেসর হুজ্জোত আলি প্রামাণিক। আমি বর্তমানে ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে আছি। ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এখানে ভর্তি হয়েছো। ইউনিভার্সিটির মানে কী তোমরা জানো? ইউনিভার্স যেমন একেবারে মাইক্রোস্কোপিক লেভেল থেকে কসমিক লেভেলের সবকিছুকে নিয়েই ইউনিভার্স, তেমনি জ্ঞানের জগতের সবকিছু নিয়েই হলো ইউনিভার্সিটি। ঠিকমতো লেখাপড়া করলে তোমরা শিক্ষিত হবে, জাতি শিক্ষিত হবে। কিন্তু বর্তমান সরকার চায় না তোমরা শিক্ষিত হও। কারণ মানুষ যত শিক্ষিত হবে, মিলিটারি সরকারের ততই অসুবিধা হবে। শিক্ষিত মানুষের ব্রেইন ওয়াশ করা যায় না। কিন্তু জানো তো রেজিমেন্টাল সিস্টেমে ব্রেইনের ব্যবহার নেই। সেখানে শুধু অর্ডার দেবে এবং অর্ডার মানবে। কিন্তু সত্যিকারের শিক্ষিত মানুষ ব্রেইন ব্যবহার করবে, বুদ্ধি ব্যবহার করবে। যে শাসন করতে চায়, সে চাইবে না তুমি ব্রেইন ব্যবহার করো। তাই তোমাকেই বেছে নিতে হবে তুমি কী চাও। শিক্ষিত হতে চাইলে নিজের চেষ্টায় শিক্ষিত হতে হবে।“

 

স্যারের চিন্তাভাবনার সাহসিকতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ক্লাসরুমে সামরিক সরকারের এরকম সরাসরি সমালোচনা করতে পারা সহজ কথা নয়। ফিজিসিস্টরা সম্ভবত এরকম সাহসী হয়। আর্কিমেডিস নাকি সশস্ত্র সৈনিককে ভর্ৎসনা করে বলেছিলেন তাঁর জ্যামিতিক চিত্রের উপর ছায়া না ফেলতে। অবশ্য সেই সাহসের মূল্য আর্কিমেডিসকে দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে। প্রামাণিক স্যারকেও কী মূল্য দিতে হয় জানি না। তবে স্যারের কথাগুলি খুব ভালো লেগে গেল।

 

“ইন্টারমিডিয়েট ক্লাসে কে কী পড়েছো আমাদের জানার কথা নয়। এখানে ইউনিভার্সিটি লেভেলের ফিজিক্স পড়তে এসে অনেক জিনিস নিজেকেই করতে হবে।  আগে না পড়ে থাকলে পড়ে নেবে, না বুঝে থাকলে বুঝে নেবে।“ – স্যারের কথা বলার স্টাইল মনোটোনাস। একটু টেনে টেনে কথা বলার কারণে মনে হচ্ছে এক্ শব্দের সাথে পরের শব্দ লেগে যাচ্ছে। কিন্তু শেষের কথাগুলির অর্থ তো খুব একটা পরিষ্কার হচ্ছে না। বলছেন, না বুঝে থাকলে বুঝে নিতে। কার কাছ থেকে বুঝে নিতে? যিনি পড়াবেন তাঁর কাছ থেকে? তবে কি তিনি কোন কিছু না বুঝলে স্যারকে প্রশ্ন করে জেনে নেয়ার কথা বলছেন?

 

“আমি তোমাদের পড়াবো ম্যাথমেটিক্যাল ফিজিক্স” – বলেই ব্ল্যাকবোর্ডে খসখস করে লিখলেন – “গাউস থিওরম”। তারপরের বিশ-পঁচিশ মিনিট একটা ঝড় বয়ে গেলো ব্ল্যাকবোর্ডের উপর দিয়ে। স্যারের হাত আর মুখ একসাথে চললো। একের পর এক জটিল সমীকরণ লিখছেন – যার গ্রিক নোটেশানগুলি উচ্চারণ করতে পারি, কিন্তু সেগুলি দিয়ে আসলে কী বোঝায় তার বিন্দুবিসর্গও বুঝতে পারছি না। স্যারের হাতের লেখাও সমীকরণের মতোই দুর্বোধ্য। স্যার বলেছেন, না বুঝলে বুঝে নিতে। কিন্তু কীভাবে বুঝে নেবো? স্যার যে গতিতে এগোচ্ছেন তাতে ক্লাস শেষ হওয়ার আগে একবারও থামবেন বলে তো মনে হচ্ছে না। মাছি মারা কেরানির মতো ব্ল্যাকবোর্ড কপি করলাম। টর্নেডো থেমে যাবার পর যেরকম চারদিকে স্তব্ধ-লন্ডভন্ড অবস্থা দেখা যায়, প্রামাণিক স্যার ক্লাস শেষ করে চলে যাবার পর আমাদের অবস্থা হলো সেরকম। এই দুর্বোধ্য গাণিতিক পদার্থবিজ্ঞানের সাগর কীভাবে সাতরাবো জানি না।

 

বুকভরে শ্বাস নেবার আগেই ক্লাসে ঢুকলেন আরেকজন স্যার - ইনিও গম্ভীর, কাঁচাপাকা কোঁকড়ানো চুল, আর কুঁচকানো কপাল। স্যারকে দেখেই আমার হৃৎপিন্ডের গতি বেড়ে গেল। এই স্যার ফিজিক্সের! ক্লাসের ভেতর যে ক’জন ক্লাস-শেষে ফ্রি পার্টিক্যালের মতো র‍্যান্ডমলি ঘুরাঘুরি করার ইচ্ছেয় সিট ছেড়েছিল – তাদেরকে ধমক দিয়ে বাধ্য করলেন সিটে ফিরে যেতে। এই স্যার যে অসম্ভব বদমেজাজি তার পরিচয় আগেও পেয়েছিলাম। এই পিরিয়ডে আমাদের থার্ড পেপার – হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স। স্যার ব্ল্যাকবোর্ডে নিজের নাম লিখলেন – মোবাশ্বের আহমদ।

 

রোল কল শেষ করে স্যার কুঁচকানো কপাল আরো কুঁচকে অনেকটা শ্লেষভরে জিজ্ঞেস করলেন, “পৃথিবীতে এত বিষয় থাকতে তোমরা ফিজিক্স  পড়তে এসেছ কী কারণে? ফিজিক্স এমন একটা সাবজেক্ট যা শরীরের রসকষ সব নিংড়ে নিয়ে তোমাকে ছোবড়া করে দেবে। পঁচিশ বছর বয়সেই তোমাকে মনে হবে পঞ্চাশ বছরের বুড়ো।“

 

স্যারের দিকে আবার তাকালাম। যতটুকু সম্ভব ভালোভাবে তাকালাম। স্যারকে দেখতে পঞ্চাশ বছরের বুড়োদের মতো লাগছে। তবে কি তাঁর  আসল বয়স পঁচিশ?

 

“যদি ভেবে থাকো সারাবছর আর্টস ফ্যাকাল্টিতে ঘুরে ঘুরে ফিজিক্সে অনার্স পাস করে ফেলবে, তাহলে ভুল করছো। এখনও সময় আছে, ফিজিক্স ছেড়ে অন্য কোথাও চলে যাও। শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদের জন্য ফিজিক্স।“

 

ক্লাসে পায়চারি করতে করতে ফিজিক্স বিষয়ের পরিচিতি দিচ্ছেন মোবাশ্বের স্যার। শরীরের কোথাও একচিলতে মেদ তো দূরের কথা প্রয়োজনীয় মাংসও ঠিকমতো নেই। তাঁর শরীর যেমন কাঠখোট্টা, মেজাজও তেমন। কথা বলতে বলতে ক্লাসের বেঞ্চের সারির মাঝখানে যে পথ আছে সেই পথ ধরে তিনি প্রত্যেক বেঞ্চের কাছে যাচ্ছেন। স্যারের দিকে তাকাতে গিয়ে আমাদের ঘাড়ের ব্যায়াম হয়ে যাচ্ছে। তবে আমি স্যারের চোখের দিকে তাকাচ্ছি না। কারণ আমি জানি না স্যার এখনো আমার চেহারা মনে রেখেছেন কি না। ফরেস্ট্রির লিখিত পরীক্ষায় আমার পাশে বসেছিল আমার স্কুল জীবনের এক বন্ধু। উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট তার। ইঞ্জিনিয়ারিং পড়াই ছিল তার লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল নিজের মেধার একাধিক স্বীকৃতির জন্য। যতগুলি ডিপার্টমেন্টে সম্ভব সবখানেই পরীক্ষা দিয়েছিল সে – কয়টা ডিপার্টমেন্টে টিকে তা দেখার জন্য। ফরেস্ট্রির প্রশ্ন অনেক জটিল ছিল। মাত্র ২০% প্রশ্নের উত্তর আমার জানা ছিল, আমার বন্ধুটির প্রায় ৭০% জানা ছিল। কিন্তু যেহেতু তার সব পরীক্ষাতেই টিকতে হবে, সে একটু পরপর আমার খাতার দিকে ঝুঁকছিল আমি কী লিখেছি দেখার জন্য। এরকম কয়েকবার ঘটার পর স্যার এসে আমাদের দু’জনের খাতাই কেড়ে নিলেন। আমি খুশি মনে হল থেকে বের হয়ে গিয়েছিলাম। পেছন ফিরে দেখলাম আমার বন্ধুটি স্যারের পায়ে ধরে ফেলেছে খাতা ফেরত পাবার জন্য। সেই স্যার ছিলেন মোবাশ্বের স্যার। এতদিন পরেও আমার কেন যেন লজ্জা লাগছে – যদি স্যার চিনে ফেলেন!

 

“ইন্টারমিডিয়েট ক্লাসে কে কত নম্বর পেয়েছ, কয়টাতে লেটার পেয়েছ, স্টার মার্ক পেয়েছ, স্ট্যান্ড করেছো – ওসব ভুলে যাও। ওগুলি এখানে কোন কাজে আসবে না। অনেক স্টারমার্ক এখানে এসে থার্ড ক্লাস পায়। এখানে তুমি লেখাপড়া করলে টিকে থাকবে, নইলে ছিটকে পড়ে যাবে।“

 

স্যারের কথা শুনে মনে হচ্ছে ফিজিক্সে পড়তে এসে আমরা ভুল করেছি। অথচ পরিসংখ্যান ক্লাসে ম্যাকস্যার আমাদের বোঝাতে চেষ্টা করেছেন যে দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা কী অপরিসীম। পরিসংখ্যান সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা। ম্যাকস্যারের কথা শুনে মনে হচ্ছিলো ফিজিক্সের বদলে পরিসংখ্যানে ভর্তি হলেই মোক্ষলাভ করা যেত। অথচ আজ ফিজিক্সের ক্লাসে স্যারের কথা শুনে মনে হচ্ছে ফিজিক্সের মতো জটিল রসকষহীন বিষয় পৃথিবীতে আর একটিও নেই।

 

“হোয়াট ইজ থার্মোডায়নামিক্স? কে বলতে পারবে? এনিবডি? নো ওয়ান ইন দি ক্লাস? এত এত স্টারমার্ক কোথায় গেলো? কে বলতে পারবে?”

 

স্যারের সামনে মুখ খোলার মতো সাহস মনে হয় কারোরই নেই। কেউই কোন সাড়াশব্দ করছে না। স্যার বিরক্ত হয়ে “শেম অন ইউ” বলতেই সামনের বেঞ্চ থেকে একটি নাতিদীর্ঘ হাত উত্তোলিত হলো।

“বলো”

একটি শ্যামলা পাতলা ছেলে উঠে দাঁড়িয়ে ইংরেজিতে উত্তর দিলো, “থার্মোডায়নামিক্স ইজ দি স্টাডি অব দি ডায়নামিক্স অব হিট এনার্জি।“

“ভেরি গুড়। তোমার নাম কী?”

“স্যার তাজুল ইসলাম।“

তাজুল ইসলাম আমাদের থার্মোডায়নামিক্স ক্লাসের হিরো হয়ে গেলো।

Monday, 1 February 2021

স্বপ্নলোকের চাবি - পর্ব ১

 


০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্রজীবন শুরু হয়েছিল ১৯৮৬ সালের জুলাই মাসে, শেষ হয়েছে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে; আজ থেকে প্রায় সাতাশ বছর আগে। আমরা ছিলাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ। আমাদের অনার্সের শিক্ষাবর্ষ ছিল ১৯৮৫-৮৬। সেশনজট না থাকলে আমাদের অনার্স পাস করার কথা ছিল ১৯৮৮ সালে। কিন্তু শেষ হতে হতে ১৯৯০ শেষ হয়ে গিয়েছিল। তারপর দেড় বছরেরও বেশি সময় ধরে  বিশ্ববিদ্যালয় ছিল প্রতিক্রিয়াশীলদের হাতে অবরুদ্ধ। এক বছরের মাস্টার্স শেষ হতে লাগলো আরো তিন বছর।  সাত বছরের বিশ্ববিদ্যালয় জীবনের অনেক ঘটনাই এখন  কালের নিয়মে স্মৃতি থেকে মুছে গেছে একেবারে। কিছু কিছু অপ্রিয় স্মৃতি জোর করে মুছে ফেলেছি। কিন্তু আরো অনেক ছোট-বড় স্মৃতি ছড়িয়ে আছে মগজের কোষে কোষে, যারা এখনো মাঝে মধ্যেই উঁকি দিয়ে আমাকে স্মৃতিকাতর করে তোলে। যেসব দিনগুলিকে একসময় মনে হতো দুঃস্বপ্নের মতো, আজ কালের পরশে মনে হচ্ছে সেইসব দিনগুলিও কত মধুর ছিল। এখনো কী উজ্জ্বল সেইসব দিনগুলি। মনে হচ্ছে এই তো সেদিনের কথা।

 

০১

ষোলশহর স্টেশন গিজগিজ করছে এই সকালে।  প্লাটফরমে পা ফেলার জায়গা নেই। জুলাই মাসের প্রচন্ড গরম। প্লাটফরমের কিছু অংশে টিনের ছাউনি আছে। রোদের তেজে এর মধ্যেই তাপ ছড়াচ্ছে। এই ভীড়ের মধ্যে আমার চোখ ঘুরছে পরিচিত কাউকে দেখার আশায়। অসংখ্য ছাত্রছাত্রীর মধ্যে কারা ফার্স্ট ইয়ার – সেটা একটু চেষ্টা করলেই মনে হয় বোঝা যায়। পরিচিত কাউকে দেখলে তারা একটু বেশি রকমের উচ্ছ্বাস দেখাচ্ছে। কান খুলে রাখলেই শোনা যাচ্ছে, “তুইও কেমিস্ট্রিতে, দোস্ত!” “তুমি ইকোনমিক্সে? শৈবাল কোথায়? ফাইনার্টসে? হাহাহা।“ শৈবাল ফাইন আর্টস-এ পড়ে শুনে হাসছে তা কিন্তু নয়। হাসার জন্যই এই হাসি। আমি কান খাড়া করে আছি কোথাও ফিজিক্স শব্দটি উচ্চারিত হয় কি না শোনার জন্য। না, মনে হচ্ছে কেউই এখানে ফিজিক্সে ভর্তি হয়নি, কিংবা যারা ফিজিক্সে ভর্তি হয়েছে তারা এখন থেকেই গম্ভীর হয়ে গেছে।

“ফার্স্ট ইয়ার?”

কানের কাছে প্রশ্নবোধক বাক্য শুনে ফিরে তাকালাম। আমারই উচ্চতার একজন ছেলে হাসিমুখে প্রশ্নটা করেছে আমাকেই।

“জি, আপনি?“

“এত আপনি আজ্ঞে করতে হবে না। আমিও ফার্স্ট ইয়ার। ফিজিক্সে।“

“ফি-জি-ক্স” – মনে হচ্ছে অঘটন আজো ঘটে।

“আমিও ফিজিক্সে। আমার নাম প্রদীপ।“

“আমি কফিল। তুমি চিটাগং কলেজ না? তোমাকে হোস্টেলে দেখেছি মনে হচ্ছে।“

“তুমি কি হোস্টেলে থাকতে?”

“না, আমার বাসা তোমাদের হোস্টেলের কাছে। তুমি শেরে বাংলা বি ব্লকে থাকতে না? আমি রঘুর রুমে গিয়েছিলাম কয়েকবার।“

কফিলের সাথে বন্ধুত্ব হতে দেরি হলো না। ট্রেন প্লাটফরমে ঢুকতেই ছুটোছুটি শুরু হয়ে গেল। বটতলি আর ঝাউতলা স্টেশন থেকেই শাটল ট্রেনের প্রায় সব কম্পার্টমেন্ট ভর্তি হয়ে আসে। ষোলশহর স্টেশন থেকে উঠে সিট পাওয়া অনেকটা লটারি পাওয়ার মতো। কফিল এ ব্যাপারে হোমওয়ার্ক করে এসেছে। সে বললো, “চলো, ইঞ্জিনে গিয়ে উঠি।“

দৌড়তে দৌড়তে ইঞ্জিনের কাছে। তেলতেলে কালো চিটচিটে ছোট্ট ধাতব সিঁড়ি বেয়ে ইঞ্জিনে উঠে গেলো কফিল। আমি একটু ইতস্তত করছি দেখে দিলো এক ধমক। তুমি থেকে সরাসরি তুই-তে চলে এলো, “খাউপ্পাঅরদে কিল্লাই? খাউপ্পাইলে আর আজিয়া যাইতে পারবি না।“ ইতস্তত করার প্রতিশব্দ যে খাউপ্পানো তার বিশুদ্ধ ব্যবহার থেকেই বোঝা যায় কফিল চট্টগ্রামের ধুলো-মাটি-কাদা-ভাষায় মানুষ। ট্রেনের ইঞ্জিনের পাশে ছোট্ট জায়গায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে দুপাশের প্রকৃতি দেখতে দেখতে প্রথম  ইউনিভার্সিটিতে যাওয়া একটা অন্যরকম অনুভূতি। একটাই অসুবিধা, কথা বলার সময় অনেক জোরে বলতে হয়, নইলে বাতাস আর ইঞ্জিনের শব্দে কিছু শোনা যায় না।

স্টেশন বললে ষোলশহরের কিছুটা মানহানি হয়। কারণ মানের দিক থেকে ষোলশহর একটি জংশন। এখান থেকে দুটি রেললাইন চলে গেছে দু’দিকে। একটি দোহাজারির দিকে, অন্যটি নাজিরহাটের দিকে। ইউনিভার্সিটির শাটল ট্রেন যায় নাজিরহাট লাইনে। ট্রেনের চালকের সিটের পাশেও দাঁড়িয়ে আছে অনেক ছাত্র। আমরা দাঁড়িয়েছি ইঞ্জিনের পাশে। আমাদের কারণে চালকের পথ দেখতে অসুবিধা হবার কথা। কিন্তু মনে হচ্ছে তাতে কিছুই যায় আসে না। রেলপথ যেদিকে গেছে ট্রেন সেদিকেই যাবে, তাতে অন্যকিছু দেখার দরকার নেই। শুধু সিগনাল ঠিকমতো দেখা গেলেই হলো। অবশ্য ট্রেনের গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটারের বেশি হবে বলে মনে হচ্ছে না।

ষোলশহর স্টেশনের পরে ট্রেন থামলো ক্যান্টনমেন্ট স্টেশনে। এখান থেকেও অনেক ছাত্র-ছাত্রী উঠলো। বাম পাশে ক্যান্টনমেন্টের মাঠে সৈনিকদের অনুশীলন চলছে। মাঠজুড়ে ছুটে বেড়াচ্ছে খাঁকি হাফ প্যান্ট আর সাদা গেঞ্জি। স্টেশনের কাছে অনেক নারকেল গাছ দেখা যাচ্ছে। সব গাছের গোড়া থেকে কয়েকফুট পর্যন্ত সাদা রঙ করা। শুনেছি ক্যান্টনমেন্টের গাছের জন্যেও নাকি প্রতিবছর অনেকটাকা বরাদ্দ করা হয় জাতীয় বাজেটে।

ক্যান্টনমেন্টের পরের স্টেশন চৌধুরি হাট। এখান থেকেও উঠলো কয়েকজন। স্টেশনের বাম পাশে শ্যাওলা জমা পুকুর। পুকুরঘাটে একজন আধবুড়ো মানুষ ভেজালুঙ্গি হাঁটুর উপর তুলে বিরক্ত মুখে তাকিয়ে আছেন ট্রেনের দিকে। দুপাশে ধানক্ষেত, রেললাইন ঘেঁষে পায়ে চলে পথ; ছবির মতো সুন্দর প্রকৃতি এদিকে। চৌধুরি হাটের পরের স্টেশন ফতেয়াবাদ। না, স্টেশন বলা ঠিক হচ্ছে না। খুব ছোট হলেও ফতেয়াবাদ জংশন। এখান থেকে একটা লাইন চলে গেছে নাজিরহাটের দিকে। অন্য লাইন চলে গেছে ইউনিভার্সিটির দিকে। পরের স্টেশনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

ট্রেন প্লাটফরমে ঢুকে থামতে না থামতেই হুড়মুড় করে নামতে শুরু করেছে সবাই। নেমেই কেমন যেন ছুটছে সবাই। কফিল তাড়া দিলো, “দৌড় লাগা। নইলে বাসে সিট পাবি না।“

রাস্তায় সারি সারি বাস দাঁড়িয়ে আছে। একটার পর একটা বাস ভর্তি হয়ে যাচ্ছে। এই বাসে চড়ে যেতে হবে ক্যাম্পাসে। স্টেশনের সামনে বেশ কিছু ছোট ছোট টুকটাক খাবারের দোকান।  হাটহাজারি রুটের ঝরঝরে সব বাস ইউনিভার্সিটির ভেতরে চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিদিন ভাড়া দেয় এসব বাসের। কিছু বাস এখানে স্টেশনে থাকে, আবার কিছু বাস থাকে ১নম্বর গেটে। শহর থেকে যারা বাসে আসে, তারা এক নম্বর গেটে নামে। সেখান থেকে ক্যাম্পাসের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হবে। এই বাসে চড়ে ক্যাম্পাসে আসতে হয়। ভর্তি হতে এসে এই বাসে চড়েছিলাম।

 

রেলস্টেশনের সামনে থেকে বাস রওনা হয়ে বামে শাহজালাল ও শাহ আমানত হল এবং ডানে সোহরাওয়ার্দী হল পার হয়ে একটানে চলে এলো ক্যাম্পাসে। ডানপাশে চারতলা প্রশাসনিক ভবন ও লাইব্রেরি। তার পাশেই আর্টস ফ্যাকাল্টি। এখানেই বাস প্রায় খালি হয়ে গেলো। আমরা নামলাম চাকসু ভবনের সামনে। এখান থেকে কিছুদূর হেঁটেই সায়েন্স ফ্যাকাল্টি। সামনে খোলা সবুজ মাঠ। ছোট ছোট কিছু সুপারি গাছের মতো গাছ লাগানো হয়েছে পথের দুপাশে।

 

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ লেখা ঝকঝকে নতুন বাস এসে থামলো ফ্যাকাল্টির সামনের রাস্তায়। শিক্ষকদের জন্য নির্ধারিত এই বাস। বাস থেকে নেমে স্যার-ম্যাডামরা গম্ভীরভাবে চলেছেন ফ্যাকাল্টির দিকে। শুনেছি বিশ্ববিদ্যালয়ের  স্যার-ম্যাডামরা হলেন রাজা-বাদশাহ টাইপের। মেজাজ ভালো থাকলে দিলদরিয়া, আবার মেজাজ খারাপ হলে শূলে চড়াবার আদেশ দিতে পারেন। শূলে চড়াবার আদেশ অবশ্য এ যুগে দেয়া যায় না, কিন্তু মৌখিক পরীক্ষায় ফেল করানো যায়। সবকিছুতে পাস করার পরেও যদি কেউ মৌখিক পরীক্ষায় ফেল করে – তাহলে পরের বছর আবার সব পরীক্ষা দিতে হবে। তাই মনে হচ্ছে স্যার-ম্যাডামদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততোই ভালো। আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু কফিল তাড়া দিলো। তার ভেতর একটা ড্যামকেয়ার ভাব আছে। সারাক্ষণ ছটফট করছে, সবকিছু নিয়ে মজা করছে।

 

দোতলায় ফিজিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যানের অফিসের সামনের বারান্দায় একটা ব্ল্যাকবোর্ডে টাইপ করা ক্লাসরুটিন টাঙানো আছে। সাবসিডিয়ারির রুটিনও একসাথে দেয়া আছে। গণিত আর পরিসংখ্যান সাবসিডিয়ারি নিয়েছি। আজ ফিজিক্সের কোন ক্লাস নেই। পরিসংখ্যানের সাবসিডিয়ারি আছে ফার্স্ট পিরিয়ডে। কফিল পরিসংখ্যান নেয়নি, কেমিস্ট্রি নিয়েছে। সে চলে গেলো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে। আমাকে যেতে হবে চার তলায় পরিসংখ্যান বিভাগে।

 

বেশ বড় ক্লাসরুম। বেঞ্চগুলি অদ্ভুত ধরনের। বেশ ভারী কাঠের তৈরি বেঞ্চ আর টেবিল একসাথে লাগানো। ফিজিক্স আর ম্যাথের স্টুডেন্টরা ছাড়াও ইকোনমিক্সেরও অনেকে পরিসংখ্যান নিয়েছে সাবসিডিয়ারি হিসেবে। প্রথম দিনের ক্লাসে যে যার পাশে বসেছে কিছুটা আলাপ-পরিচয় করে নিচ্ছে। আমি বসেছি একেবারে পেছনের দিকের একটা বেঞ্চে। এখান থেকে সামনের ব্ল্যাকবোর্ডকে মনে হচ্ছে অনেক দূরে দিগন্তের কাছাকাছি কোথাও। সেখানে কিছু লেখা হলে এখান থেকে দেখতে পাবো বলে মনে হয় না। চশমার পাওয়ার বদলাতে হবে মনে হচ্ছে। পরেরদিন থেকে সামনে গিয়ে বসতে হবে।

“একটু স-স-স-সরে বসো তো।“

ফর্সা, লিকলিকে ছেলেটি এখনো হাফাচ্ছে। মনে হচ্ছে ছুটতে ছুটতে এসেছে। ক্লাসের ব্যাপারে খুব সিরিয়াস বলে মনে হচ্ছে তাকে। কয়েক মিনিটের মধ্যেই পরিচয় হয়ে গেলো অর্পণের সাথে।

 

“গুড মর্নিং এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ আবদুল করিম – সংক্ষেপে ম্যাক। তোমরা আমার কাছে শিখবে ব্যাসিক স্টাটিসটিক্‌স।“

সরু পা-লেপ্টা নীল জিন্‌স আর লাল টি-শার্টে স্যারকে বাংলা সিনেমার প্রতিনায়কের মতো লাগছিলো – যারা নায়িকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যায়, কিন্তু নায়িকার দৃষ্টি থাকে অন্যদিকে। ম্যাক স্যারের বাম হাতে মোটা ধাতব শিকল – মনে হয় এটা সাম্প্রতিক ফ্যাশন। টি-শার্টের ফাঁক দিয়ে গলার সোনালী চেনও উঁকি মারছে। হাতের আঙুলে আংটিও দেখা যাচ্ছে কয়েকটা। এরকম সালংকার সুবেশ শিক্ষক আগে বেশি দেখিনি।

পরের পর্ব >>>>>>>>>>>

Latest Post

বরফের ফাঁদে নিউট্রিনো

  কণাময় মহাবিশ্বের “সোনার হরিণ” নিউট্রিনো।  “সে-যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা।//  সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধা...

Popular Posts