চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষাবর্ষ ছিল ১৯৮৫-৮৬। ১৯৮৫ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়েছিল আগস্টে। তারপর ভর্তিপরীক্ষা, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম বর্ষের ক্লাস শুরু হতে হতে ১৯৮৬ সালের অর্ধেকটা পার হয়ে গিয়েছিল। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রত্যেক বিভাগেই আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হতো। আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম শুধুমাত্র দুটো বিভাগে - ফিজিক্স এবং ফরেস্ট্রি। ফিজিক্সের যুক্তিগুলো আমি কিছুটা হলেও বুঝতাম, কিন্তু বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো
আমার হজমশক্তিতে কুলোত না। ফরেস্ট্রিতে পরীক্ষা দিয়েছিলাম এই মনে করে যে সুযোগ পেলে হয়তো বনেজঙ্গলে ঘুরে বেড়ানো যাবে।ফরেস্ট্রির লিখিত পরীক্ষায় আমার পাশে বসেছিল আমার স্কুল জীবনের এক বন্ধু। সে খুব ভালো ছাত্র। উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট তার। ইঞ্জিনিয়ারিং পড়াই ছিল তার লক্ষ্য। ইউনিভার্সিটিতে ভর্তিপরীক্ষা দিচ্ছিল নিজের মেধার একাধিক স্বীকৃতির জন্য। যতগুলো ডিপার্টমেন্টে সম্ভব সবখানেই পরীক্ষা দিয়েছিল সে - কয়টা ডিপার্টমেন্টে টিকে শুধুমাত্র তা দেখার জন্য। ফরেস্ট্রির লিখিত পরীক্ষার প্রশ্ন অনেক জটিল ছিল। শতকরা বিশ ভাগ প্রশ্নের উত্তর আমার জানা ছিল, আমার বন্ধুটির জানা ছিল প্রায় শতকরা সত্তর ভাগ। কিন্তু তার যেহেতু সব বিভাগেই টিকতে হবে - সে একটু পর পরই আমার খাতার দিকে ঝুঁকে পড়ছিল আমি কী লিখছি দেখার জন্য। এরকম কতক্ষণ চলার পর স্যার এসে দুজনের খাতাই নিয়ে নিলেন। আমি তো খুশি মনে বের হয়ে এলাম হল থেকে। কিন্তু পেছন ফিরে দেখলাম বন্ধুটি তার খাতা ফেরত পেয়ে আবার লিখতে শুরু করেছে।
ফরেস্ট্রির লিখিত পরীক্ষার আগেই ফিজিক্স পরীক্ষা হয়ে গিয়েছিল। আমার মৌখিক পরীক্ষা নিয়েছিলেন হামিদা বানু ম্যাডাম আর মিহির স্যার। পরীক্ষা যে এরকম আনন্দের হতে পারে আমার জানা ছিল না। আমার ধারণা ছিল মৌখিক পরীক্ষা মানে হবে - 'নিউটনের মহাকর্ষ সূত্র কী?' বা ''মহাকর্ষ ধ্রুবকে মান কত?" কিংবা "আভোগাড্রো সংখ্যা কত?" "কুলম্বের ধ্রুবকের মান কত?" ইত্যাদি সরাসরি কঠিন কঠিন প্রশ্ন। কিন্তু দেখলাম হামিদা বানু ম্যাডাম সেরকম কোন প্রশ্ন না করে আমাকে স্বাধীনতা দিলেন যে কোন একটা সাধারণ ব্যাপার পদার্থবিজ্ঞানের নিয়মে ব্যাখ্যা করার জন্য। শুরুতে আমি ব্যাপারটা বুঝতে না পেরে কয়েক সেকেন্ড চুপ করে ছিলাম। মিহির স্যার আমাকে ব্যাপারটা বুঝতে সাহায্য করলেন। বললেন, "এই যে তুমি বসে আছো - সেখানে পদার্থবিজ্ঞানের কী কী সূত্র কাজ করছে? এই যে আমাদেরকে দেখছো - সেখানে কী কী সূত্র কাজ করছে?" - এটা তো সহজ। আমি বসে আছি, পড়ে যাচ্ছি না, - তার মানে আমি চেয়ারের উপর যে বল দিচ্ছি নিচের দিকে - চেয়ার আমাকে সেই একই পরিমাণ বলে উপরের দিকে ঠেলছে। নিউটনের তৃতীয় সূত্র। দেখতে পাচ্ছি আলোর প্রতিফলনের জন্য। শুনতে পাচ্ছি শব্দতরঙ্গের জন্য। আরে ফিজিক্স তো সবখানে। মৌখিক পরীক্ষা দিয়েই আমি ঠিক করে ফেলেছিলাম - বিশ্ববিদ্যালয়ে যদি পড়ি ফিজিক্স ডিপার্টমেন্টেই পড়বো। কারণ ফিজিক্সের মজা হয়তো আমি বুঝতে পারবো।
ফিজিক্স ডিপার্টমেন্ট এখন যেখানে আছে, তখনো সেখানেই ছিল। কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো হতো মূল সায়েন্স ফ্যাকাল্টি থেকে অনেক দূরে নিউট্রন জেনারেটর বিল্ডিং-এ। লাল ইটের তৈরি একতলা এই বিল্ডিং-টাকে কেমন যেন ভূতুড়ে বাড়ি বলে মনে হতো। ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাসেই আমাদের ম্যাথম্যাটিক্যাল ফিজিক্সের ভেক্টর অ্যানালাইসিস পড়াতে এলেন নুরুল ইসলাম স্যার। ছয় ফুট লম্বা নুরুল ইসলাম স্যার খুব সুন্দর করে প্রায় নেচে নেচে ক্লাস নিতেন। অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক ইত্যাদি বোঝানোর সময় এক পায়ে দাঁড়িয়ে লাটিমের মতো ঘুরে যেতেন। আমি গাণিতিক ব্যাপারটা ঠিক ধরতে না পারলেও স্যারের বোঝানোর উৎসাহটাকে খুবই উপভোগ করতাম। স্যার যখন চট্টগ্রামের আঞ্চলিক উচারণে জিজ্ঞেস করতেন - 'বুইজতে পাইর্ছ?' আমরা অনেকসময় জোরেই হেসে ফেলতাম। স্যার একটুও রাগ করতেন না।
ফার্স্ট ইয়ারে আমাদের Heat পড়াতেন এস কে সাহা স্যার। স্যারও অনেক লম্বা। আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের স্যার-ম্যাডামরা সবাই বেশ লম্বা। সাহা স্যারের সবকিছুই খুব পরিপাটি। স্যারের পোশাক পরিপাটি, পড়ানো পরিপাটি। ব্যক্তিত্ব এত প্রখর যে আমার বেশ অস্বস্তিই লাগতো স্যারের চোখের দিকে তাকাতে। বিশাল ব্ল্যাকবোর্ডের প্রায় পুরোটাই ভরে উঠতো ছোট ছোট অক্ষরে স্যারের সুন্দর হস্তাক্ষরে। স্যার ব্ল্যাকবোর্ডে যা লিখতেন তাই হয়ে উঠতো পূর্ণাঙ্গ নোট। স্যারের উচ্চারণ, বাচনভঙ্গি এত চমৎকার ছিল কখনোই মনে হতো না যে ক্লাস কেন শেষ হচ্ছে না।
আমাদের থার্মোডায়নামিক্স পড়াতেন মোবাশ্বের স্যার। প্রথম যেদিন ক্লাসে এলেন - স্যারকে দেখেই আমার প্রাণপাখি খাঁচাছাড়া হয়ে যাবার উপক্রম হলো। এই সেই স্যার যিনি ফরেস্ট্রির ভর্তি পরীক্ষায় আমার খাতা কেড়ে নিয়েছিলেন। প্রথম দিন রোল কল করার সময় নাম ডেকে ডেকে সবার চেহারা দেখে নিচ্ছিলেন। আমার চেহারা দেখে কিছু বলেননি দেখে হাঁফ ছেড়ে বেঁচেছিলাম। স্যার নিশ্চয় ভুলে গেছেন সেই ঘটনার কথা। ক্লাসে পড়ানোর সময় মোবাশ্বের স্যার সারা ক্লাসে হাঁটাহাঁটি করতেন। আমাদের খাতা উল্টেপাল্টে দেখতেন আমরা ঠিকমত লিখছি কি না। ফিজিক্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়া কঠিন, এবং পাস করা যে আরো কঠিন তা তিনি বার বার মনে করিয়ে দিতেন। তাঁকে প্রসন্ন মেজাজে খুব একটা দেখা যেতো না। ক্লাসে অনেক প্রশ্ন করতেন - এবং না পারলে খুব বকাঝকা করতেন। মোবাশ্বের স্যারের ক্লাসে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতো তাজুল। সে ছিল মোবাশ্বের স্যারের প্রিয় ছাত্র। আমাদের ফারুক ছিল কঠিন পড়ুয়া। দর্শন, সমালোচনা সাহিত্যতত্ত্ব, কবিতার শিল্পমূল্য ইত্যাদি কঠিন কঠিন বিষয়ে তার ছিল ব্যাপক পড়াশোনা। বসতো পেছনের বেঞ্চে। ক্লাস বোরিং মনে হলেই সে খুলে বসতো কঠিন কোন বই। একদিন মোবাশ্বের স্যার তার কাছে গিয়ে - "এই ছেলে সিগারেট খাও নাকি?" বলে সার্টের পকেটে হাত ঢুকিয়ে দিলেন। ফারুকের পকেট থেকে বের হলো দুটো বেলি ফুল। নিউট্রন জেনারেটর বিল্ডিং-এর সামনেই অনেক বেলি ফুল ফুটতো তখন। আমরা সবাই তাকিয়ে আছি ফারুক আর স্যারের দিকে। ফুলের প্রতি স্যারের কোন মায়া আছে বলে মনে হলো না। গম্ভীর মুখে বললেন, "পকেটে ফুল রেখেছো কি মেয়েদের দেয়ার জন্য? কোন লাভ নেই। পড়ালেখা করো - তারা এমনিতেই আসবে।" - স্যারের এই তত্ত্বটি পরবর্তী ৩২ বছরেও সত্যি বলে প্রমাণিত হয়নি।
![]() |
| আমাদের ব্যাচের কয়েকজন (১৯৯১) |
স্যারের মুখে মেয়েদের কথা শুনে চোখ গেলো ক্লাসের যেদিকে তারা বসে আছে সেদিকে। তখনো তাদের কারো সাথেই হাফিজ ছাড়া আমাদের কারোরই তেমন আলাপ হয়নি। হাফিজ ছিল বিশেষ গুণে গুণান্বিত। বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচের সব ডিপার্টমেন্টের সব মেয়ের সাথেই তার আলাপ ছিল। হাফিজকে একই পোশাক দু'দিন পরতে দেখিনি কখনো। কোন কোনদিন সকালে যে পোশাক পরে আসতো - বিকেলে প্র্যাকটিক্যাল ক্লাসে আসতো অন্য পোশাক পরে। যাই হোক, মোবাশ্বের স্যার ক্লাসে একদিন আমাকে ধরলেন - থার্মোডায়নামিক্সের জিরোয়েথ ল কী বল। স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর আমার জানা নেই। স্যার রাগ করবেন জানতাম। কিন্তু যা বললেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। "এখানেও কি অন্যের খাতা দেখে পরীক্ষা দেবে ভেবেছো নাকি? সোজা কান ধরে বের করে দেবো ট্যাড়িম্যাডি করলে"। স্যারের মনে হয় ফটোগ্রাফিক মেমোরি।
ক্লাস শুরু হওয়ার মাস খানেক পরে শুনলাম নুরুল ইসলাম স্যার ইন্ডিয়া চলে যাচ্ছেন পিএইচডি করার জন্য। আমাদের ম্যাথম্যাটিক্যাল ফিজিক্স পড়াতে এলেন প্রামাণিক স্যার। স্যারকে প্রথম দিন দেখে ভালোবাসা, মুগ্ধতা কিছুই জন্মায়নি, বরং কিছুটা বিরক্তিই জন্মেছিল। কারণ স্যারের পড়ানোর স্টাইল ছিল খুবই একঘেয়ে। ব্ল্যাকবোর্ডে ইকুয়েশানের পর ইকুয়েশান লিখছেন আর আমরা মাছিমারা কেরানির মতো সেগুলো খাতায় টুকছি। বলাই বাহুল্য - সমীকরণগুলো থেকে শুধুমাত্র কিছু ইংরেজি ও গ্রিক অক্ষর ছাড়া আর কোন অর্থ আমি বের করতে পারিনি। স্যারের ক্লাস বোঝার জন্য যে ফাউন্ডেশান দরকার ছিল - তা আমার ছিল না। আমি নুরুল ইসলাম স্যারকে মিস করছিলাম খুব। নুরুল ইসলাম স্যার বার বার জিজ্ঞেস করতেন আমরা বুঝতে পেরেছি কি না। আর প্রামাণিক স্যার বলেন, "এসব তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসেই পড়ানো হয়েছে। না পড়ে থাকলে পড়ে নেবে, আর না জেনে থাকলে জেনে নেবে।" কিছুদিনের মধ্যেই ম্যাথম্যাটিক্যাল ফিজিক্স হয়ে উঠলো আমার সবচেয়ে অপ্রিয় বিষয়। আর যে চারজন শিক্ষক আমাদের পড়াতেন তাঁদের মধ্যে সবচেয়ে অপছন্দের স্যার হয়ে উঠলেন প্রামাণিক স্যার। অথচ পরবর্তী কয়েক বছরে প্রামাণিক স্যার হয়ে উঠেছিলেন আমার আদর্শ মানুষদের একজন। সেই প্রসঙ্গ আরেকদিন আলোচনা করা যাবে।
ফার্স্ট ইয়ারে আমাদের প্রোপার্টিজ অব ম্যাটার পড়াতেন ফরাইজি কামাল স্যার। এমন প্রাণবন্ত শিক্ষক খুব কম দেখা যায়। আর বোঝানোর কী স্টাইল। কোন টপিক পড়াতে গেলে যা যা জানা দরকার সবই বুঝিয়ে দিতেন স্যার। চট্টগ্রাম কলেজে উচ্চমাধ্যমিকের ফিজিক্স ক্লাসে আমি অনেকদিন ঘুমিয়ে পড়েছি - স্যারদের একঘেয়ে পড়ানোর কারণে। ইউনিভার্সিটিতে ফরাইজি কামাল স্যারের ক্লাসে না এলে বুঝতেই পারতাম না ফিজিক্সের জটিল বিষয় কত জীবন্ত হয়ে উঠতে পারে।
আমাদের প্ল্যাকটিক্যাল ক্লাসগুলো হতো বিকেলবেলা। একদিন প্র্যাকটিক্যাল ক্লাসের শুরুতে আমরা সবাই একসাথে কথা বলছিলাম ফ্রি স্টাইলে। বদ্ধ ফ্লোরে শ'খানেক স্টুডেন্ট একসাথে কথা বলতে বলতে কখন যেন প্রচন্ড হৈ চৈ-এ পরিণত হয়ে গিয়েছিল। হঠাৎ প্রচন্ড চিৎকার করে কেউ যেন বললেন, "শাট আপ্...।" ল্যাবের ভেতর যেন বজ্রপাত হতো। সবাই বোবা হয়ে গেলাম মুহূর্তেই। এভাবেই আমাদের সাথে দেখা হলো আদম শফিউল্লাহ স্যারের। আমাদের প্রতি স্যারের প্রথম বাক্য ছিল - শাট আপ্। এই মানুষটিকে আমরা বাঘের মত ভয় পেতাম। আবার তিনি যখন ক্লাসে পড়াতে এলেন তখন দেখলাম - তিনি ছিলেন ডিপার্টমেন্টের রাফ অ্যান্ড টাফ, স্মার্ট অব দি স্মার্টেস্ট প্রফেসর। খুবই কম ক্লাস নিতেন, খুব বেশি পড়াতেন না। কিন্তু যেটুকু পড়াতেন খুব ভালোভাবে পড়াতেন। আমাদের ক্লাসের ধুমপায়ী বন্ধুদের কাছে তিনি আলাদা মর্যাদা পেতেন - কারণ ক্লাসে পড়ানোর সময় সিগারেট টানতে আর কোন স্যার-ম্যাডামকে আমরা কোনদিন দেখিনি।
তারপর কেটে গেছে অনেকগুলো বছর। ১৯৮৮ সালে আমাদের অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে যাবার কথা। সেটা শেষ হয়েছিল ১৯৯০ সালের শেষে। ১৯৮৯ সালের মাস্টার্স পরীক্ষা আমরা শেষ করতে পেরেছিলাম ১৯৯৩ সালের শেষের দিকে। তারপরও কেটে গেছে অনেক বছর। আমাদের প্রাণের ডিপার্টমেন্ট ৫০ বছর পূর্ণ করছে এবছর। অনেক গুণগত পরিবর্তন হয়েছে আমাদের ডিপার্টমেন্টের। আমাদের ফার্স্ট ইয়ারে যাঁরা পড়িয়েছিলেন তাঁদের কেউ এখন ডিপার্টমেন্টে নেই। প্রামাণিক স্যার, নুরুল ইসলাম স্যার, আদম শফিউল্লাহ স্যার চলে গেছেন পৃথিবী ছেড়ে। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আছে। আমার বন্ধু মইনুল হক মিয়াজী, শ্যামল চক্রবর্তী, শান্তনু পুরোহিত, শামসুন সুমি প্রমুখ তরুণ শিক্ষকদের সাথে এখন শিক্ষার্থীদের যে সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে তা দেখে কী যে ভালো লাগে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট আমাকে ফিজিক্সের জগতে নিয়ে এসেছে। পৃথিবীর যে দেশেই আমি থাকি, যে ডিপার্টমেন্টেই আমি কাজ করি, আমি কখনোই ভুলি না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট আমার চিরদিনের ডিপার্টমেন্ট - যেখান থেকে আমি ফিজিক্স পড়তে শিখেছি।
২৮/৭/২০১৮
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
________________



No comments:
Post a Comment