হুমায়ূন আহমেদের জন্মদিনে হুমায়ূন আহমেদ পুনর্পাঠ করার চেয়ে ভালো কোনো উপায় আমার জানা নেই। তাঁর নানাবিধ রচনার নানাবিধ সমগ্র প্রকাশিত হয়েছে এবং এখনো হয়ে চলেছে। তাঁর প্রথম উপন্যাস সমগ্র প্রকাশিত হয়েছিল প্রতীক প্রকাশনা সংস্থা থেকে ১৯৯০ এর বইমেলায়। সেই উপন্যাস সমগ্র-১ খুলে বসলাম। এই বইগুলি বারবার খোলা হয়। ‘নিজের কিছু কথা’য় হুমায়ূন আহমেদ যে
কথাগুলি বলেন – বেশ লাগে পড়তে। এক বর্ষার রাতে বাইরে ঘন ঘন বিজলি চমকাচ্ছিল যখন, থার্মোডায়নামিক্সের জটিল অংশ পড়তে পড়তে হঠাৎ মাথার ভেতর গল্প এসে গেল তাঁর। এক রাতেই লিখে ফেললেন নন্দিত নরকে। তাঁর ভাষায় গল্প ভর করেছিল তাঁর মাথায়। কী আশ্চর্য মাথা তাঁর। ভীষণ ঈর্ষা লাগে। থার্মোডায়নামিক্স নামক বস্তুটিতে আমিও কত বার কতভাবে কামড় দিয়েছি। ঝড় বাদলের রাতেও দিয়েছি। ১৯৯০ সালে হুমায়ূনভক্ত মুকিতভাই ছিলেন আমার মেসমেট। তিনি আমকে পড়তে দিয়েছিলেন এই উপন্যাস সমগ্র। এর ভূমিকা পড়েই মাথা আউলা হয়ে যাবার অবস্থা। বিজলি চমকানো রাতে ইচ্ছে করে খুলেছি থার্মোডায়নামিক্সের বই – যদি একটি গল্প আসে মাথায়। আসেনি। গল্প এসে ভর করে না আমার মাথায়, বরং ভয় করে।হুমায়ূন আহমেদ
তাঁর প্রথম লেখা উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’ পড়ে অষ্টম শ্রেণীর এক বালিকা যে তাঁর সঙ্গে
দেখা করতে এসেছিলেন তা সপ্রেমে উল্লেখ করেছেন। সেই বালিকা উপন্যাসের চরিত্র (খোকা)র
মতো লেখককেও ভালোমানুষ মনে করে তাঁর সঙ্গে কিছুক্ষণ থাকতে চেয়েছিলেন। হুমায়ূন লিখেছেন,
“অষ্টম শ্রেণীর সেই বালিকা এখনো ভালোমানুষটির সঙ্গেই আছে। তাকে নিয়ে সুখে-দুঃখে জীবনটা
পার করেই ফেললাম।“
বড় বিচিত্র
মানুষের জীবন। এক জীবনেই তাকে কত জীবন পার করতে হয়। লেখকরা তো এসব জীবনকেই লেখার রেখায়
রঙে তুলিতে জীবন্ত করে তোলেন।
হুমায়ূন আহমেদ
যখন যা করতেন উজাড় করে করতেন। যা লিখতেন তাও। আনন্দের জন্য যে পাঠ – পাঠ করে যদি তা
পাওয়াই না গেল – যেমন পরীক্ষা পাসের জন্য থার্মোডায়নামিক্স – তাহলে কেন পড়বো। হুমায়ূন
পাঠ করে আনন্দ পাওয়া যায়।

No comments:
Post a Comment